ইয়েমেনে এক দিনে ৫৮ বার বিমান অভিযান চালিয়েছে সৌদি

ইয়েমেনে এক দিনে ৫৮ বার বিমান অভিযান চালিয়েছে সৌদি
ছবি: সংগৃহীত

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আরব।

বিজ্ঞাপন

শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

হুথি গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইয়াহিয়া সারি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় অপরাধী সৌদি শত্রুরা ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালিয়েছে।’

হুথিপন্থি ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইয়েমেনের সা’দা, মোনাব্বিহ জেলা ও আল জৌফ প্রদেশে এসব অভিযান চালানো হয়েছে। তিনটি এলাকাই হুথি বাহিনীর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

১২ সেপ্টেম্বর শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সারুরাহ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সৌদি। এর পাল্টা জবাব হিসেবে সৌদি বিমানবাহিনী এসব অভিযান চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তীব্র হয়েছে। এরই মধ্যে হুথিরা কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের জ্বালানি খাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে। এরপর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখল করেছে হুথি যোদ্ধারা।

বাব এল মান্দেব প্রণালি দখল সৌদি আরবের জন্য বড় দুঃসংবাদ হিসেবে দেখা হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব এত দিন বাব এল মান্দেব প্রণালি দিয়ে তাদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল।

গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান চালাচ্ছে সৌদি আরব। হুথিদের তথ্য অনুযায়ী, রোববারের আগ পর্যন্ত সৌদি বিমানবাহিনী ১৩০টির বেশি বিমান অভিযান চালিয়েছে।

এদিকে ইয়েমেনের সেনাবাহিনীও উত্তর ইয়েমেন ও রাজধানী সানাকে হুথিদের দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে। ইয়েমেনের সাম্প্রতিক বিমান অভিযান নিয়ে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র মন্তব্য করেননি।

তবে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির বিমান অভিযান এখন পর্যন্ত মূলত সম্মুখসারিতে থাকা ইয়েমেনি সরকারি বাহিনীকে সহায়তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। রাজধানী সানাসহ হুথিদের ক্ষমতার মূল কেন্দ্রগুলো এখনো লক্ষ্যবস্তু করা হয়নি।

সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথি গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর এক বছরের মধ্যে ২০১৫ সালে ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি রাজধানী সানা দখল করে।

রাজধানী দখলের পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদি আরবে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে ইয়েমেন ও সৌদি আরবের সেনাবাহিনী।

বর্তমানে ইয়েমেনের মোট ভূখণ্ডের অর্ধেক হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। বাকি অর্ধেক নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। কয়েক বছর আগে প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন