ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি নিঃশর্তভাবে পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন এবং লেবাননে হিজবুল্লাহর ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টায় দেশটির সরকারকে সমর্থন অব্যাহত রাখার কথা বলেছেন। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, আমি তাকে স্বাগত জানাই। এটি এমন একটি কূটনৈতিক প্রচেষ্টার ফল, যেখানে একাধিক অংশীদার অবদান রেখেছে। সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আমি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে এই চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি জরুরি ভিত্তিতে এবং কোনো শর্ত ছাড়াই পুনরায় উন্মুক্ত করতে হবে। এ লক্ষ্যে যুক্তরাজ্যের সঙ্গে গঠিত আন্তর্জাতিক মিশন সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
ম্যাক্রোঁ জানান, প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে তা মোতায়েন করা যাবে।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, কোনো ধরনের বিধিনিষেধ বা টোল ছাড়াই সমুদ্রপথে চলাচল পুনরায় শুরু হওয়া আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও ইঙ্গিত দেন যে, ফ্রান্স লেবানন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, যাতে দেশটি নিজ ভূখণ্ডে রাষ্ট্রীয় কর্তৃত্ব সুসংহত করতে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


