মার্কিন সহায়তায় হরমুজ দিয়ে ১৫০ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি উপসাগরীয় দেশগুলোর

মার্কিন সহায়তায় হরমুজ দিয়ে ১৫০ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি উপসাগরীয় দেশগুলোর
ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় হরমুজ প্রণালি দিয়ে ১৫০ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে উপসাগরীয় দেশগুলো। গত জুন থেকে এ রপ্তানি কার্যক্রমে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে হরমুজ প্রণালি দিয়ে ৩ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। এসব জাহাজের ৯৫ শতাংশের বেশি নিরাপদে চলাচল করতে পেরেছে।

সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে যান মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তিনি এ অঞ্চলের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

কুপার বলেন, উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশ ও জাহাজ চলাচল খাতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের প্রধান পথগুলো ইরানের পেতে রাখা মাইন থেকে মুক্ত রাখতে কাজ করছেন মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা। এ কাজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং জাহাজ চলাচল খাতের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

ইরানের হামলার হুমকি সত্ত্বেও উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহের পরিমাণ যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরে এসেছে। পণ্যবাহী জাহাজের মধ্যে সমুদ্রে তেল স্থানান্তর, মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা সহায়তা এবং বিকল্প পাইপলাইন ব্যবহারের মাধ্যমে এ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে।

পণ্যবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ইরান বাদে এ অঞ্চল থেকে প্রতিদিন অন্তত ১ কোটি ৬৫ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে। যুদ্ধের আগে এ অঞ্চলের দৈনিক গড় রপ্তানির পরিমাণও ছিল প্রায় একই।

তবে সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। গত রোববার ব্রেন্ট ক্রুড তেলের ভবিষ্যৎ সরবরাহের চুক্তির দাম ছিল প্রতি ব্যারেল ১১৪ ডলার ৫০ সেন্ট। এর আগে দাম প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। রোববারের দাম সেই সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ২ শতাংশ কম ছিল।

গত ২৭ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৭২ ডলার ৪৮ সেন্ট।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন