স্থলবেষ্টিত ইথিওপিয়ার জন্য লোহিত সাগরে সমুদ্রবন্দর নিশ্চিত করার দাবি আবারও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।
সোমবার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, ইথিওপিয়ার ‘সভ্যতার’ জন্য লোহিত সাগরে প্রবেশাধিকার জরুরি।
আবি বলেন, ‘দেওয়া-নেওয়ার নীতির ভিত্তিতে ইথিওপিয়ার সমুদ্রপথ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’
তার এই বক্তব্য এমন সময়ে এল, যখন লোহিত সাগরের উপকূলীয় দেশগুলো ইথিওপিয়ার সমুদ্রবন্দর পাওয়ার উদ্যোগ নিয়ে আপত্তি জানাচ্ছে।
১৯৯৩ সালে ইথিওপিয়া থেকে ইরিত্রিয়া স্বাধীন হওয়ার পর লোহিত সাগরে সরাসরি প্রবেশাধিকার হারায় ইথিওপিয়া। এরপর থেকেই সমুদ্রপথে প্রবেশাধিকারের বিষয়টি দেশটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে আছে।
সাম্প্রতিক সময়ে ইথিওপিয়ার সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের সম্পর্কও উত্তপ্ত হয়েছে। উত্তরাঞ্চলের তিগ্রেতে আবি সরকারের বিরুদ্ধে আবার লড়াই শুরু হওয়ার পর ইথিওপিয়া অভিযোগ করেছে, ইরিত্রিয়া, মিসর ও সুদান বিরোধী শক্তিগুলোকে সমর্থন করছে।
ইরিত্রিয়া পাল্টা অভিযোগ করেছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে লোহিত সাগরে প্রবেশের চেষ্টা করছে ইথিওপিয়া। নীল নদের ওপর ইথিওপিয়ার গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম নিয়েও মিসর ও সুদানের সঙ্গে দেশটির বিরোধ রয়েছে। নীল নদের পানির ওপর নির্ভরশীল এই দুই দেশ বাঁধটির প্রভাব নিয়ে উদ্বিগ্ন।
রোববার মিসরের নিউ আলামিনে মিসর, ইরিত্রিয়া, সুদান ও সোমালিয়ার প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠক শেষে তারা বলেন, লোহিত সাগরের ব্যবস্থাপনার দায়িত্ব একান্তই উপকূলীয় দেশগুলোর। একই সঙ্গে মিসর ও সুদানের নীল নদের পানি ব্যবহারের ওপর প্রভাব ফেলতে পারে—এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করেন তাঁরা।
এর পরদিন ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লোহিত সাগর নিয়ে আলোচনায় ইথিওপিয়ার ‘বৈধ স্বার্থ ও দীর্ঘদিনের সংযোগ’ বিবেচনায় নিতে হবে।
তবে সোমালিয়ার অবস্থান তুলনামূলকভাবে নমনীয়। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ আবিকে নতুন মেয়াদের জন্য অভিনন্দন জানিয়েছেন। এর আগে তিনি বলেছিলেন, সোমালিয়ার ভূখণ্ড ব্যবহার করে ইথিওপিয়া লোহিত সাগরে প্রবেশাধিকার পেতে চাইলে তার দেশের আপত্তি নেই। তবে এ বিষয়ে দুই দেশকে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে হবে।
আবিকে নতুন মেয়াদের জন্য অভিনন্দন জানিয়েছেন বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্ত নাদায়িশিমিয়ে এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফও।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

