পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে ইরান: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মতি দিয়েছে এবং এটি চলমান আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।

বিজ্ঞাপন

নিউইয়র্ক পোস্টের পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না, এবং তারা ইতোমধ্যেই সম্মত হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র রাখবে না। এটাই ছিল সবচেয়ে বড় বিষয়।”

ইরান বর্তমান সংঘাতে কৌশলগতভাবে এগিয়ে আছে—এমন ধারণাও নাকচ করে দেন ট্রাম্প। তিনি বলেন, “ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের খুব কমসংখ্যক সেনা রয়েছে। তাদের কোনো নেতৃত্বও নেই। তাদের অর্থনীতি ভেঙে পড়ছে। মূল্যস্ফীতি ২৫০ শতাংশে পৌঁছেছে। খারাপ যা কিছু হতে পারে, সবই তাদের ক্ষেত্রে ঘটছে।”

হরমুজ প্রণালীতে চলাচল ব্যাহত হওয়ার বিষয়েও আশাবাদী মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমি মনে করি পরিস্থিতির দ্রুত সমাধান হবে।” একই সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমকে “অত্যন্ত সফল” বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের নতুন নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আলোচনার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তিনি বলেন, “তিনি অবশ্যই এতে জড়িত। বলা হচ্ছে, তিনি অনুমোদন দিচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরেই এভাবেই ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। আগে তার বাবা, এখন তিনি—এটা এক ধরনের উত্তরাধিকার প্রক্রিয়া। তবে আমাদের মধ্যে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে আমাদের সাক্ষাৎও হতে পারে।”

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষ করে পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মতির দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...