কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি আরো জোরদার করেছে ইরান। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনীর প্রস্তুতিও আগের তুলনায় অনেক বেড়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র এখনো সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে মোকাবিলার চেষ্টা করছে।
ইরানের সেনাবাহিনীর বিমানবাহিনীর কমান্ডার, সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় আকরামিনিয়া বলেন, সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরসহ (আইআরজিসি) সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বাড়ানো জরুরি। আগের তুলনায় সেনাবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
তিনি জানান, সেনাপ্রধান জেনারেল হাতামির নির্দেশে হরমুজ প্রণালিতে আরো কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারি কার্যকর করা হয়েছে।
আকরামিনিয়ার দাবি, আঞ্চলিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে অননুমোদিত জাহাজ চলাচলের কারণে ঝুঁকি বেড়েছে। সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় না করে চলাচল করা কিছু জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
জাহাজমালিকদের সতর্ক করে ইরানের এই মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে হলে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে।
তিনি আরো বলেন, নতুন যুদ্ধব্যবস্থা যুক্ত করা, পুরোনো ব্যবস্থার উন্নয়ন এবং সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা জোরদারের মাধ্যমে প্রণালিটিতে নজরদারি অনেক বাড়ানো হয়েছে। এ কার্যক্রম পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরানবিরোধী তৎপরতা প্রসঙ্গে আকরামিনিয়া বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের লক্ষ্য কেবল পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক বিষয় কিংবা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধ ছিল না। তবে ইরানের দৃঢ় অবস্থান ও কার্যকর পদক্ষেপের কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষায়, যুক্তরাষ্ট্র সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক—এই তিন ক্ষেত্রেই ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগ করছে। একে তিনি শত্রুপক্ষের সমন্বিত ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হিসেবে উল্লেখ করেন।
সূত্র: মেহের নিউজ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




