যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম যুক্ত করে পুনঃনামকরণ করা কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে আদালত ট্রাম্প প্রশাসনের ঘোষিত সংস্কারকাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনাও স্থগিত করেছেন।
শুক্রবার দেওয়া রায়ে ডিস্ট্রিক্ট জজ ক্রিস্টোফার কুপার বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করা আইনসম্মত নয়। ফলে আগামী ১৪ দিনের মধ্যে প্রতিষ্ঠানটির নাম থেকে ট্রাম্পের নাম অপসারণ করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী ভবনের বহির্ভাগ, ডিজিটাল প্ল্যাটফর্ম, সাইনবোর্ড এবং সব ধরনের সরকারি নথি থেকেও ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে।
রায়ে বলা হয়, প্রতিষ্ঠানটির নাম পুনরায় ‘জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’ হিসেবে বহাল থাকবে। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের নিহত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মরণে এই নামেই কেন্দ্রটির যাত্রা শুরু হয়েছিল।
আদালতের রায়ে বিচারক কুপার উল্লেখ করেন, কেনেডি সেন্টার প্রতিষ্ঠার আইন স্পষ্টভাবে নির্দেশ করে যে প্রতিষ্ঠানটির নাম প্রেসিডেন্ট কেনেডির নামেই থাকবে এবং কেবল কংগ্রেসই তা পরিবর্তনের ক্ষমতা রাখে। ‘কংগ্রেস কেনেডি সেন্টারের নাম দিয়েছে, আর কেবল কংগ্রেসই সেই নাম পরিবর্তন করতে পারে, ৯৪ পৃষ্ঠার রায়ে উল্লেখ করেন তিনি।
গত বছর ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনের বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পুনর্ব্র্যান্ডিং কর্মসূচির অংশ হিসেবে কেনেডি সেন্টারের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করার ঘোষণা দেয়। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি কেন্দ্রটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনেন, কয়েকজন ট্রাস্টিকে সরিয়ে নিজেও ট্রাস্টি হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন।
এরপর গত ডিসেম্বরে পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির নতুন নাম নির্ধারণ করে ‘দ্য ডোনাল্ড জে. ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’। সিদ্ধান্তের পরদিনই ভবনের সম্মুখভাগে নতুন নামের অক্ষর স্থাপন করা হয়।
তবে নাম পরিবর্তনের পর থেকেই শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কয়েকজন নির্ধারিত শিল্পী অনুষ্ঠান বাতিল করেন এবং কেন্দ্রটির টিকিট বিক্রিও কমে যায় বলে জানা যায়।
সূত্র: বিবিসি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ইসরাইলের