ইসরাইলের স্পিকার হলেন নেতানিয়াহুর বিরোধী শিবিরের কাহানা

ইসরাইলের স্পিকার হলেন নেতানিয়াহুর বিরোধী শিবিরের কাহানা
মাতান কাহানা। ছবি: সংগৃহীত

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন গাদি আইজেনকোটের ঘনিষ্ঠ মিত্র মাতান কাহানা। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে ১২০ সদস্যের পার্লামেন্টে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রার্থী অফির কাটজ পান ৫২ ভোট।

নতুন স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাহানা বলেন, বর্ণ, ধর্ম ও লিঙ্গনির্বিশেষে তিনি সবার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

কাহানার এই নির্বাচনকে নেতানিয়াহু সরকারের গৃহীত অভ্যন্তরীণ নীতির পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার লক্ষ্যে নেওয়া বিতর্কিত সংস্কার বাতিলে ভূমিকা রাখতে পারেন তিনি। পার্লামেন্টের স্পিকার হিসেবে আইন প্রণয়নের আলোচনা ও ভোটাভুটির সময়সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে তার।

গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট আগামী সরকার গঠনের চেষ্টা করছে। নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি এবং নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পায়। অন্যদিকে, আরব-অধ্যুষিত দুটি দল মোট ১৯টি আসন পেয়েছে। তাদের সমর্থন আইজেনকটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আইজেনকোট বিচার বিভাগ সংস্কার বাতিল এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নেতানিয়াহু রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে তদন্ত কমিশন গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।

নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র আমির ওহানার স্থলাভিষিক্ত হলেন ৫৪ বছর বয়সি সাবেক বিশেষ বাহিনীর সদস্য কাহানা। ২০২১-২২ সালে নেতানিয়াহুবিরোধী জোট সরকারের ধর্মীয় সেবাবিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...