ইরানের জনগণ কখনোই শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: সেনাপ্রধান

ইরানের জনগণ কখনোই শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: সেনাপ্রধান

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি দেশের জনগণকে ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানের জনগণ কখনোই শত্রুদের কাছে মাথা নত করবে না।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ খামেনির শাহাদাত শুধু ইরানের জন্য নয়, বিশ্বের মুসলিম ও স্বাধীনতাকামী মানুষের জন্যও একটি বড় শোকের ঘটনা।

বিজ্ঞাপন

তিনি বলেন, শত্রুরা ভেবেছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা ইরানের জনগণের মনোবল ভেঙে দিতে পারবে। কিন্তু বাস্তবে তারা দেখেছে, ইরানের মানুষ আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ ও দৃঢ় হয়েছে।

হাতামি বলেন, আয়াতুল্লাহ খামেনি সারাজীবন সাহস, দূরদর্শিতা ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর উদাহরণ ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি প্রতিরোধের পথ থেকে সরে আসেননি।

তিনি জনগণকে জানাজা ও বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে শহীদ নেতার আদর্শের প্রতি আবারো অঙ্গীকার প্রকাশ করার আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, জনগণের ব্যাপক উপস্থিতি শত্রুদের কাছে একটি স্পষ্ট বার্তা দেবে যে, নতুন নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির নেতৃত্বে ইরানের জনগণ একই পথে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, ‘ইরানের জনগণ কখনোই শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না এবং শেষ পর্যন্ত দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে।’

সূত্র: প্রেস টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন