আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেতানিয়াহুর কফি পানের ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক

আমার দেশ অনলাইন

নেতানিয়াহুর কফি পানের ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুঞ্জনের মধ্যে তার নতুন একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

গত সপ্তাহে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে নানা জল্পনা চলছে। সেই ভিডিওতে নাকি তার এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে—এমন দাবি করা হয়।

বিজ্ঞাপন

এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যৌথ যুদ্ধ এবং তেহরানের পাল্টা হামলায় পুরো উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠে।

জল্পনা নতুন করে বাড়ে যখন ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাকে রাস্তার পাশের একটি ছোট দোকানে কফি অর্ডার করতে দেখা যায়। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ এই ভিডিওকে ‘এআই-নির্মিত’ কনটেন্ট বলে দাবি করে।

ভিডিওটিতে দেখা যায়, নেতানিয়াহু ইসরাইলের জেরুজালেম পাহাড় অঞ্চলের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করছেন। তাকে কফি দেওয়ার সময় তিনি বলেন, ‘গ্রেট... ধন্যবাদ।’ এরপর ভিডিওগ্রাফারকে জিজ্ঞেস করেন, ‘তুমি আমাকে কী জিজ্ঞেস করেছিলে?’

যখন তাকে বলা হয় যে গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়েছে, তখন তিনি রসিকতা করে বলেন, ‘আমি কফির জন্য মরছি।’

এই ভিডিওটি মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর গুজবের প্রতি ইঙ্গিত করে প্রকাশ করা হয়েছে।

ভিডিওটি নিয়ে বিতর্ক বাড়ে যখন গ্রোক এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে দাবি করে, এটি এআই দিয়ে তৈরি। চ্যাটবটটি লিখেছে, ‘এটি এআই-নির্মিত। এটি বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ডিপফেক ভিডিও, যেখানে তাকে একটি কফিশপে বসে কফি পান করতে করতে ইরান বা লেবানন সংক্রান্ত সামরিক অভিযান নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে—এমন কোনো বাস্তব ঘটনা নেই।’

কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীও ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ম্যাজিকের মতো পকেট... কাপের কফি যেন মাধ্যাকর্ষণ অমান্য করছে... কাউন্টারের পেছনে মুখোশ পরা ক্রেতা—ভালো চেষ্টা... কিন্তু নয়।’

আরেকজন ব্যবহারকারী দাবি করেন, ভিডিওতে নেতানিয়াহু নিচে তাকানোর পর তার মুখের আকৃতি বদলে যাচ্ছে—প্রথমে গোল, পরে ডিম্বাকৃতি হয়ে যাচ্ছে।

গ্রোকও এই দাবি সমর্থন করে আরেক উত্তরে লিখেছে, ‘হ্যাঁ, শতভাগ নিশ্চিত—এটি একটি উন্নত এআই ডিপফেক।’

তবে জেরুজালেমের যে ক্যাফেতে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে বলা হচ্ছে, সেই ‘দ্য সাতাফ’ ক্যাফে তাদের ইনস্টাগ্রাম পেজে নেতানিয়াহুর কফি পান করার ছবি প্রকাশ করেছে।

ছবির সঙ্গে তারা লিখেছে, ‘আজ সাতাফে প্রধানমন্ত্রী ও তার দপ্তরকে আতিথ্য দিতে পেরে আমরা খুবই আনন্দিত! এখন জানলেন কোন বেকারিতে আসতে হবে।’

সূত্র : এনডিটিভি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন