টানা ১০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে হেবরন ছাড়ল ইসরাইলি বাহিনী

টানা ১০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে হেবরন ছাড়ল ইসরাইলি বাহিনী
ছবি: আলজাজিরা

টানা ১০ দিনের অবরোধ ও ধবংসযজ্ঞ শেষে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহর থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ইসরাইলি সেনা। সোমবার গভর্নর খালেদ দুদিন জানান, ইসরাইলি সেনারা চলে যাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী।

তিনি বলেন, যেসব পরিবারকে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল, তারা এখন সেখানে ফিরে যেতে পারবেন। গভর্নর আরও বলেন, ‘বাসিন্দারা যাতে নিরাপদে বাড়িঘরে ফিরতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।’

বিজ্ঞাপন

গত ২৩ অক্টোবর দুই ফিলিস্তিনির চালানো এক বন্দুক হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং আরও তিনজন আহত হওয়ার পর হেবরন শহরে অবরোধ আরোপ করে ইসরাইলি সামরিক বাহিনী। পরে ওই দুই হামলাকারীকে হত্যা করে ইসরাইলি বাহিনী।

১০ দিনের সামরিক অভিযানে হেবরন শহর ও আশপাশের গ্রামগুলোতে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেগুলোকে সামরিক চৌকিতে পরিণত করে ইসরাইলি সেনারা।

এ সময় জোরপূর্বক বাস্তুচ্যুতি, বাড়িঘর, অন্যান্য স্থাপনা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয় দখলদার বাহিনী।

হেবরন গভর্নরেটের তথ্য অনুযায়ী, অভিযানে ৩ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন অথবা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে আল-জালদা ও আইন দেইর বাহা এলাকায় এর প্রভাব পড়েছে। এছাড়া ১৫টি বাড়ি ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গভর্নরেট আরও জানিয়েছে, ইসরাইলি অভিযানের কারণে স্থানীয় অর্থনীতি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হয়েছে শিক্ষাকার্যক্রমও।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন