চীনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, জিনপিং ও পুতিন

চীনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, জিনপিং ও পুতিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এপি

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা আগামী সপ্তাহে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের এক সহকারী প্রেস সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৯ মাস পর এই বৈঠক হতে যাচ্ছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুত থাকা দুটি দেশ প্রথমবারের মতো ৫০ বছরের বেশি সময়ের মধ্যে কোনো সীমাবদ্ধতা ছাড়াই নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত রাখতে পারছে।

আলোচনায় কী থাকছে

ট্রাম্প বলেছেন, তিন দেশের পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ তৈরি করতে পারে এই বৈঠক।

গত ফেব্রুয়ারিতে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর রাশিয়া চুক্তিটি আরও এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। তিনি চীনকেও অন্তর্ভুক্ত করে একটি ‘নতুন, উন্নত ও আধুনিক’ চুক্তির দাবি জানান।

তবে বৈঠক থেকে বড় কোনো সমঝোতার প্রত্যাশা কম। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা করছি না।’

তার মতে, এই বৈঠক মূলত আলোচনার সূচনা।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার হাতে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। তৃতীয় অবস্থানে চীন।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্প বৈঠকে শি জিনপিং ও পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা এড়িয়ে যাবেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সাংবাদিকদের এসব তথ্য জানান।

ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাবেন ধনকুবের ইলন মাস্ক। তবে তিনি তিন নেতার বৈঠকে অংশ নেবেন না। এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা নেই।

ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা

তিন নেতার পরিকল্পিত বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার রূপরেখা তৈরি করেছিলেন।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তুলনা নাকচ করেছেন। তিনি বলেন, শেনজেনে কোনো সমঝোতা হলে তা অন্যদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। তবে বৈঠকটিকে তিনি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, কিয়েভকে পাশ কাটিয়ে ইউক্রেন নিয়ে কোনো সমঝোতা আলোচনার মঞ্চ হয়ে উঠতে পারে এই বৈঠক।

গত বছর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বল্পস্থায়ী বাণিজ্যযুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেও ট্রাম্প দুই দেশের নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেন যুদ্ধের অবসানে সমঝোতা প্রতিষ্ঠায়ও মধ্যস্থতার চেষ্টা করছে ওয়াশিংটন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...