বিশ্লেষণ

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরাইলে রাজনৈতিক সহিংসতার শঙ্কা

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরাইলে রাজনৈতিক সহিংসতার শঙ্কা
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারানোর মুখে পড়ে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে তিনি বিরোধীদের সমালোচনা করার পাশাপাশি নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন। তার এই অবস্থানকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এমনকি ডানপন্থি বিক্ষোভকারীদের পক্ষ থেকে গৃহযুদ্ধের হুমকিও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের আশঙ্কা, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু যেকোনো পদক্ষেপ নিতে পারেন। এতে ইসরাইলে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়ছে।

দীর্ঘদিন ধরে ইসরাইলের ক্ষমতায় থাকা নেতানিয়াহুর বিদায় এখন অনেকটাই সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। তবে এর জন্য বিরোধী দলগুলোকে একটি কার্যকর সরকার গঠন করতে হবে। বিরোধীদের নেতৃত্বে রয়েছেন গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন জোটকে সরকার গঠনের জন্য ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে হতে পারে।

এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নেতানিয়াহু আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। একই সঙ্গে নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগও তুলেছেন তিনি।

নেতানিয়াহুর তৈরি করা এই রাজনৈতিক পরিবেশে ডানপন্থি বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। সমালোচকেরা অভিযোগ করেছেন, ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে তিনি ইরানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ পরিস্থিতি উসকে দিচ্ছেন।

এর মধ্যে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান ডেভিড জিনি। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল সংস্থাটি। নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি রাজনীতিকদের গ্রেপ্তারের অনুমতিও চাওয়া হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছে। তবে অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ নাকচ করে দেন।

বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিন এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তদন্ত করছেন, নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তৈরি করা হয়েছিল কি না।

ইসরাইলের কয়েকজন রাজনীতিক ও বিশ্লেষকের মতে, নেতানিয়াহুর এসব পদক্ষেপের মূল লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা। তা সম্ভব না হলে এমন একটি সরকার গঠন নিশ্চিত করা, যেটি তার ও তার মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে।

ক্ষমতা হারালে বড় বিপদ

নেতানিয়াহুর সামনে এখন একাধিক ঝুঁকি রয়েছে। এগুলো তার রাজনৈতিক উত্তরাধিকারকে প্রশ্নের মুখে ফেলতে পারে। এমনকি ক্ষমতা হারালে তার ব্যক্তিগত স্বাধীনতাও হুমকির মুখে পড়তে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার আগে নেতানিয়াহু ও তার সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি দীর্ঘদিনের। ওই হামলার জবাবে গাজায় ইসরাইল যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, প্রায় সেই সময় থেকেই এ দাবি উঠছে।

সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। এসব প্রতিবেদন প্রকাশের পর রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি আরো জোরালো হয়েছে। গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশন শুরুর পর আইন প্রণয়নের অগ্রাধিকার তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এদিকে গাজায় যুদ্ধ এবং সরকারের ওপর বিচার বিভাগের নজরদারি দুর্বল করতে নেতানিয়াহুর উদ্যোগকে কেন্দ্র করে তৈরি হওয়া সাংবিধানিক সংকট তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে মনোযোগ সরিয়ে রাখতে সহায়তা করেছে।

২০১৯ সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। ২০২০ সালের মে মাস থেকে তার বিচার চলছে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কারণে বারবার বিচারকাজ পিছিয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

লন্ডনের কিংস কলেজের ইসরাইলবিষয়ক বিশ্লেষক আহরন ব্রেগম্যান নেতানিয়াহুর বর্তমান আচরণকে ‘আহত পশুর’ সঙ্গে তুলনা করেছেন।

তিনি বলেন, ‘নেতানিয়াহু আহত পশুর মতো আচরণ করছেন। তার কাছে নির্বাচনে হার শুধু রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ও। বিশেষ করে তার দুর্নীতির বিচার রয়েছে, যার পরিণতিতে তাকে কারাগারেও যেতে হতে পারে। প্রধানমন্ত্রিত্ব হারানো মানে তার সুরক্ষাকবচ হারানো। তাই নেতানিয়াহুর কাছে কোনো কিছুই এখন অসম্ভব নয়।’

রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়ছে

ইসরাইলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা ক্রমেই বাড়ছে। নির্বাচনের পর কয়েক দিনের মধ্যে ডানপন্থি বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকোটের বাড়ির সামনে জড়ো হন। আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের চেষ্টা না করতে তাকে সতর্ক করেন তারা। এ সময় তাকে ‘বিশ্বাসঘাতক’ বলেও আখ্যা দেওয়া হয়।

এদিকে প্রকাশ্যে আসা একটি চিঠিতে হাইফা শহরের রাব্বিনিক আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের একটি ধর্মীয় বিধানের প্রসঙ্গ তুলেছেন।

১৯৯৫ সালে ফিলিস্তিনিদের সঙ্গে অসলো চুক্তির বিরোধিতা করে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনকে হত্যা করেছিলেন ইগাল আমির। হত্যার পক্ষে যুক্তি দেখাতে তিনিও একই ধর্মীয় বিধানের উল্লেখ করেছিলেন।

ইসরাইলের বামপন্থি হাদাশ পার্টির আইনপ্রণেতা ওফের কাসিফ মনে করেন, আইজেনকোটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বাড়বে।

তিনি বলেন, ‘নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি সত্যিই যেকোনো কিছু বলছি। তিনি একজন মনোবিকৃত মানুষ। ডানপন্থিদের মধ্যে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। আমি সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছি না। নেতানিয়াহু তাকে ঘিরে একধরনের ব্যক্তিপূজার সংস্কৃতি তৈরি করেছেন। তার সমর্থকেরা সহজেই প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে পারেন।’

নির্বাচনের বৈধতা ক্ষুণ্ন করার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, তা এখনো স্পষ্ট নয়।

নির্বাচনের আগের দিন পুলিশের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীর কয়েকজন সহযোগী ফৌজদারি তদন্তের মুখে পড়তে পারেন। অন্যদিকে শিন বেতের প্রধান ডেভিড জিনির বিরুদ্ধেও প্রশ্ন উঠতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের চেষ্টায় তার সংস্থার ভূমিকার অভিযোগ প্রমাণিত হলে শিন বেতের স্বাধীনতা এবং তার নিজের অবস্থান—দুটিই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গের মতে, নেতানিয়াহু এখন মূলত নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছেন। এ লড়াইয়ে তার আশপাশের লোকজনের পরিণতি নিয়ে তিনি ভাবছেন না।

তিনি বলেন, ‘নেতানিয়াহু নিজের টিকে থাকার জন্য লড়ছেন। তার আশপাশের লোকজন হারিয়ে গেলেও তিনি পরোয়া করেন না। তবে এবার তিনি সফল নাও হতে পারেন। তাদের নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। এমনকি নিজের রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও তিনি চিন্তিত নন। তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো টিকে থাকা। পরের দিনটিতে কীভাবে ক্ষমতায় থাকা যায়, কীভাবে যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে রাখা যায়, সেটিই তাঁর লড়াই।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...