ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনায় চুক্তি হলে প্রথম ধাপে গাজায় পণবন্দী ৩৪ ইসরাইলি নাগরিককে ছেড়ে দিতে প্রস্তুত রয়েছে তারা।
রোববার পরিচয় প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এই ধাপে গাজায় বন্দি থাকা ইসরাইলি নাগরিকদের মধ্যে সব নারী, শিশু, বয়স্ক ও অসুস্থদের মুক্তি দেওয়া হবে বলে প্রতিবেদনে জানানো হয়।
তবে মুক্তি দেওয়ার জন্য এক সপ্তাহের জন্য বিরতির দাবি জানিয়েছে হামাসের ওই কর্মকর্তা, এর মধ্যে ইসরাইলি বন্দিদের পাহারা দেওয়া যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করে তারা জেনে নেবেন কে জীবিত রয়েছেন বা কে মারা গেছেন।
২০২৩ সালের ৭ জানুয়ারি গাজায় ১৬ বছরের অবরোধ ভাঙতে ইসরাইলের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো। এ সময় অন্তত ২৪০ ইসরাইলি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
হামাস সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের স্থায়ী যুদ্ধবিরতি মেনে নেওয়া এবং গাজা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করার ওপর চুক্তি নির্ভর করছে।
নতুন করে গাজায় যুদ্ধবিরতির চুক্তির লক্ষ্যে কাতারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে ইসরাইলের আলোচনা চলছে।
কাতার, মিসর ও আমেরিকার মধ্যস্থতায় এই আলোচনা ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগেই সফল হওয়ার প্রত্যাশা করছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছে, বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই ওয়াশিংটন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি দেখতে চায়।
দক্ষিণ কোরিয়ার সফররত ব্লিনকেন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের হাতে থাকা দুই সপ্তাহ সময়ের মধ্যে সবকিছু শেষ করতে আমরা ইচ্ছুক। যদি আমরা আগামী দুই সপ্তাহে শেষ নাও করতে পারি, আমি নিশ্চিত শিগগিরই তা শেষ হবে।’
এদিকে গাজায় ইসরাইলি আগ্রাসনের ৪৫৮তম দিন সোমবারেও হামলা অব্যাহত রয়েছে। রাতভর হামলায় অবরুদ্ধ উপত্যকার অন্তত ১৪ বাসিন্দাকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া হামলায় আরও ১২ জনের বেশি আহত হয়েছেন।
গাজা থেকে আলজাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ইসরাইলি হামলায় গাজা শহরের শেখ রাদওয়া মহল্লার একটি বহুতল ভবন ধ্বংস হয়ে বাসিন্দারা তার নিচে চাপা পড়েছে। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপে চাপাপড়া বাসিন্দাদের উদ্ধার কষ্টকর হয়ে পড়েছে।
তিনি জানান, বাতাসে রক্ত, আগুনে পুড়ে যাওয়া লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে।
রোববার পর্যন্ত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ১৫ মাসের আগ্রাসনে অবরুদ্ধ উপত্যকায় ৪৫ হাজার ৮০৫ জন নিহত এবং ১ লাখ ৯ হাজার ৬৪ জন আহত হয়েছেন।
গাজায় আগ্রাসনের সঙ্গেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গ্রেপ্তারি অভিযান চালাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার পশ্চিম তীরের নাবলুস, জেনিন ও কালকিলইয়া থেকে অন্তত ১০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী।
অন্যদিকে সোমবার পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ফুনদুক গ্রামে ইসরাইলি নাগরিকদের বহনকারী একটি বাসে হামলা চালানো হয়েছে। হামলায় তিনজন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলাকারীদের অনুসন্ধান করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

