হরমুজে ট্যাংকারে মাইনের আঘাত, ভারতীয় নাবিক উদ্ধার

হরমুজে ট্যাংকারে মাইনের আঘাত, ভারতীয় নাবিক উদ্ধার
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ ঘটেছে। ট্যাংকারটিতে ২৭ জন ভারতীয় নাবিক ছিলেন। শুক্রবার ওমানের খাসাব উপকূল থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি ছোট নৌযান থেকে ট্যাংকারটির গায়ে দুটি লিমপেট মাইন সংযুক্ত করা হয়। পরে বিস্ফোরণে ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায় এবং জাহাজটির চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে নাবিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরে জাহাজটি পুনরায় যাত্রা শুরু করে।

বিজ্ঞাপন

চলমান সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে লিমপেট মাইন ব্যবহারের এটিই প্রথম সফল ঘটনা বলে জানা গেছে। সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সহজলভ্য ও স্বল্পমূল্যের এসব মাইন ছোট নৌযানের মাধ্যমে জাহাজের গায়ে স্থাপন করা যায়।

এর এক দিন আগে হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপিত বস্তুর হামলার শিকার হয় লাইবেরিয়ার পতাকাবাহী বিশাল তেলবাহী জাহাজ এমটি আরজানাহ। ওই জাহাজে দুই ভারতীয় নাগরিক ছিলেন।

এদিকে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, দুই জাহাজের ভারতীয় নাবিকরা নিরাপদে রয়েছেন এবং কেউ আহত হননি। নাবিকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিশ্চিত করতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন