ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের পদত্যাগ

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের পদত্যাগ

ইরান যুদ্ধে এখনো কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। এরই মাঝে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন তুলসি গ্যাবার্ড।

বিজ্ঞাপন

গ্যাবার্ডের পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নীতিকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছিল।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গ্যাবার্ড জানান, তার স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যানসার ধরা পড়ায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে ট্রাম্পকে উদ্দেশ করে গ্যাবার্ড বলেছেন, গত দেড় বছর জাতীয় গোয়েন্দা দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ায় প্রেসিডেন্টের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

মার্কিন প্রেসিডেন্ট নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গ্যাবার্ডের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তুলসি অসাধারণ কাজ করেছেন। আমরা তাকে মিস করব।

হাওয়াই থেকে নির্বাচিত সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য গ্যাবার্ড ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালন করেন। পরে তিনি ডেমোক্র্যাটিক পার্টি ছেড়ে ট্রাম্পকে সমর্থন দেন এবং জাতীয় গোয়েন্দা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। গ্যাবার্ডের পদত্যাগের খবর কিছুদিন ধরে চাউর হলেও তিনি তা অস্বীকার করে আসছিলেন।

জানা যায়, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে সামরিকভাবে অপহরণের সিদ্ধান্ত নেওয়ার সময় গ্যাবার্ডকে একপাশে সরিয়ে দেওয়া হয়েছিল। ইরান বিষয়ে প্রথমে নীরব থাকলেও পরে গ্যাবার্ড ইসরাইলের সঙ্গে মিলে আগ্রাসনের সিদ্ধান্তকে সমর্থন করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন