অপারেশন সিন্দুর ব্যর্থ হয়েছে: কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

অপারেশন সিন্দুর ব্যর্থ হয়েছে: কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিন্দুর’ ব্যর্থ হয়েছে, এ থেকে কিছুই পাওয়া যায়নি। দুই দেশের সম্পর্কের উন্নয়ন করা প্রয়োজন বলেও মত দেন তিনি। খবর এনডিটিভির

ফারুক আব্দুল্লাহ বলেন, ‘আমি আশা করি (অপারেশন সিন্দুর) এমন কিছু আর ঘটবে না। এর ফলে কিছুই হয়নি। আমাদের ১৮ জন মানুষ মারা গেছেন। আমাদের সীমান্ত দুর্বল হয়েছে। আমি আশা করি উভয় দেশ তাদের সম্পর্ক উন্নত করবে। এটাই একমাত্র উপায়। আমি বাজপেয়ীজির কথা পুনরাবৃত্তি করতে চাই, বন্ধু পরিবর্তন করা যেতে পারে, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না।’

বিজ্ঞাপন

দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার চিকিৎসকদের নিয়েও কথা বলেন তিনি। ফারুক আবদুল্লাহ বলেন, গ্রেপ্তার সবাই পেশায় চিকিৎসক, কেন তারা এমন পথে গেলেন, তা খতিয়ে দেখা জরুরি।

এছাড়া গত শুক্রবার রাতে শ্রীনগরের একটি থানায় বিস্ফোরণে ৯ জন নিহত হওয়ার ঘটনাতেও প্রশাসনের তীব্র সমালোচনা করেন ফারুক আবদুল্লাহ। বিস্ফোরক সামগ্রী ঠিকমতো না সামলানোর ফলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এটা আমাদের ভুল। যারা বিস্ফোরক সম্পর্কে ভালো জানেন, তাদের পরামর্শ নেয়া উচিত ছিল। ৯ জন মারা গেল, আশপাশের বাড়িঘর নষ্ট হলো।’

তিনি আরো বলেন, ‘আমরা এখনো দিল্লির সংকট থেকে বেরিয়ে আসতে পারিনি, ওই বিস্ফোরণের জন্য প্রতিটি কাশ্মীরির দিকে আঙুল তোলা হচ্ছে। সেই দিন কখন আসবে যখন তারা স্বীকার করবে যে আমরা ভারতীয় এবং আমরা এর জন্য দায়ী নই?’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন