সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও বানোয়াট ভিডিও ক্লিপ প্রকাশের অভিযোগে বিভিন্ন দেশের ১০ জন নাগরিককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও ক্লিপ প্রকাশ করেছিলেন। এসব ভিডিও জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে অভিযোগ করা হয়েছে।
তদন্তে দেখা গেছে, কিছু ভিডিওতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিরোধের দৃশ্য, মাটিতে পড়া ক্ষেপণাস্ত্র এবং জনসমাগমের ভিডিও দেখানো হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিস্ফোরণ ও হামলার ভুয়া দৃশ্য তৈরি করা হয়েছিল।
কিছু ভিডিওতে শিশুদের আবেগ ব্যবহার করে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। আবার কিছু ভিডিওতে বিদেশের ঘটনা সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে বলে ভুয়া দাবি করা হয়েছে।
দেশটির পাবলিক প্রসিকিউশন ইতিমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে।
পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ডিজিটাল মাধ্যম বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো বা দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিপন্ন করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।
প্রতিবেদনে বলা হয়, ইচ্ছাকৃত প্রতারণা, জননিরাপত্তায় হুমকি সৃষ্টি, সন্ত্রাস ছড়িয়ে দেওয়া এবং সামাজিক শান্তি বিনষ্ট করার দায়ে আসামীদের সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানা করা হতে পারে।
সূত্র: গালফ নিউজ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের