ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী। এসব হামলায় হুথির ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে জানা গেছে, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, অভিযানে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ড্রোন দিয়ে ৩৫টি অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে।
তিনি আরো বলেন, এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনের তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালেহ ও শাবওয়াহসহ বিভিন্ন রণাঙ্গনে লড়াই হয়েছে। সরকারি বাহিনীর দাবি, হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও শক্তিবৃদ্ধির জন্য পাঠানো রসদ ও জনবল লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথিদের মধ্যে লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। এ পরিস্থিতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে মিলে হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকারি বাহিনী। অন্যদিকে হুথিরাও সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে।
এর মধ্যে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যমের খবরে বলা হয়, সৌদি আরবের বিমান হামলায় তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু বলে ওই খবরে উল্লেখ করা হয়।
তবে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর দেওয়া হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


