মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়ে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এর ফলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার বিষয়টি আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
গত নয় মাসের এই যুদ্ধে খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অচলাবস্থা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে হামলার নির্দেশ দিতে পারেন বলে আশঙ্কা করছেন ডেমোক্র্যাটরা।
যুদ্ধের অর্থায়ন বন্ধে নতুন বাজেট বিলকে হাতিয়ার করতে চাইছেন তারা। তবে প্রশ্ন হলো, কংগ্রেসের বাধা উপেক্ষা করে ট্রাম্প কি যুদ্ধ চালিয়ে যেতে পারবেন?
অর্থায়ন বন্ধে কী করতে পারে ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অর্থায়নের মেয়াদ আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে। সরকারের অচলাবস্থা এড়াতে এ সময়ের মধ্যে নতুন বাজেট পাস করতে হবে।
ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি ও রো খান্না দলীয় সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, নতুন বাজেট বিলে ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানে অর্থ ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা যুক্ত করতে।
তাদের বক্তব্য, যুদ্ধ দীর্ঘায়িত করতে করদাতাদের অর্থ আর ব্যয় করা উচিত নয়।
কিংস কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগের মতে, প্রস্তাবিত বিলটি হতে পারে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের জন্য প্রথম বড় প্রাতিষ্ঠানিক বাধা।
প্রধান বাধা কোথায়
যুদ্ধের অর্থায়ন বন্ধ করতে গিয়ে সরকার অচল হয়ে পড়ুক—এমনটা চান না অনেক আইনপ্রণেতা। গত বছর যুক্তরাষ্ট্রে টানা ৪৩ দিন সরকারি কার্যক্রম বন্ধ ছিল।
নতুন বাজেট পাস করতে সিনেটে ১০০ সদস্যের মধ্যে অন্তত ৬০ জনের সমর্থন প্রয়োজন। জানুয়ারির আগে রিপাবলিকানদের হাতে ৫৩টি আসন থাকলেও নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের অবস্থান আরো শক্তিশালী হবে।
তবে অর্থায়নের বিষয়টি বাদ দিলেও যুদ্ধ শেষ করাটা হয়তো ততটা সহজ হবে না। ক্রিগ বলেন, ‘আক্রমণাত্মক ব্যয় সীমিত করলেই যুদ্ধ শেষ হয়ে যায় না। মার্কিন অবরোধ এখনো বহাল আছে, ইরান সামুদ্রিক চলাচলে বাধা সৃষ্টি করে চলেছে এবং কোনো পক্ষই পারমাণবিক পরিদর্শন, নিষেধাজ্ঞা এবং হরমুজ নিয়ে মৌলিক বিরোধের সমাধান করেনি। বিলটি এখনো একটি প্রস্তাবনা এবং এর কার্যকারিতা নির্ভর করবে চূড়ান্ত শব্দচয়ন এবং ট্রাম্প এতে স্বাক্ষর করেন কিনা তার ওপর।’
ট্রাম্প কি বাজেটে ভেটো দিতে পারবেন
কংগ্রেসের দুই কক্ষে কোনো বিল পাস হলেও প্রেসিডেন্ট তাতে ভেটো দিতে পারেন।
প্রেসিডেন্টের ভেটো অকার্যকর করতে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। ডেমোক্র্যাটদের এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠতা নেই।
তবে ভেটো দিলে যুক্তরাষ্ট্রে আবারো সরকারি অচলাবস্থা তৈরি হতে পারে। এতে সামরিক বাহিনীর বেতনসহ সরকারি বিভিন্ন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক কার্যক্রমের জন্য অর্থ বরাদ্দ রেখে আক্রমণাত্মক অভিযানে অর্থ ব্যয় বন্ধের প্রস্তাবও আসতে পারে। সে ক্ষেত্রে নৌ অবরোধসহ যুদ্ধের কিছু কার্যক্রম অব্যাহত থাকার সুযোগ থাকবে।
অর্থায়ন বন্ধ হলেও কি যুদ্ধ চালাতে পারবেন ট্রাম্প
বিশ্লেষকদের মতে, পারবেন—অন্তত কিছু সময়ের জন্য।
পেন্টাগনের হাতে আগে থেকে বরাদ্দ অর্থ ও সামরিক সরঞ্জাম রয়েছে। ফলে নতুন অর্থ ছাড় বন্ধ হলেও ট্রাম্প তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা হারাবেন না।
তবে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানো কঠিন হয়ে উঠবে। ইতোমধ্যে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পাশাপাশি নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার গোলাবারুদের ঘাটতি বাড়ছে।
ক্রিগের মতে, আগে থেকে বরাদ্দ অর্থ ব্যবহার করে হামলা চালানো এবং দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনার আর্থিক সক্ষমতা—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
অতীত উদ্যোগ
এরআগে ভিয়েতনাম যুদ্ধের সময় ১৯৭৩ সালে মার্কিন কংগ্রেস যুদ্ধের অবসান ও সেনা প্রত্যাহারের উদ্যোগ নেয়।
অন্যদিকে, ২০০৭ সালে ইরাক যুদ্ধ বন্ধে সেনা প্রত্যাহারের সময়সীমা যুক্ত করে বাজেট বিল পাসের চেষ্টা করেন ডেমোক্র্যাটরা। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিলটিতে ভেটো দিলে শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা সেই শর্ত থেকে সরে আসেন।
শেষ পর্যন্ত কী হতে পারে
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো অর্থায়ন আটকে দেওয়ার ক্ষমতা।
১১ ডিসেম্বরের বাজেট প্রণয়নের সময়সীমাকে কাজে লাগিয়ে তারা যুদ্ধের অর্থায়নে শর্ত আরোপের চেষ্টা করতে পারেন। তবে ট্রাম্পের ভেটো ক্ষমতা থাকায় শুধু কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেই যুদ্ধ বন্ধ নিশ্চিত করা সম্ভব নয়।
ক্রিগের মূল্যায়ন, কংগ্রেসের চাপের সবচেয়ে বড় প্রভাব হতে পারে ইরান যুদ্ধের একটি কূটনৈতিক সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রকে আরো দ্রুত উদ্যোগী করা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




