নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের
ছবি: সংগৃহীত।

তেল ও জ্বালানি পণ্যসংক্রান্ত তথ্য প্রকাশে আরও কড়াকড়ি আরোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন করে তুলতেই মস্কো এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার পুতিন এ বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। রাশিয়ার সরকারি আইনি তথ্য পোর্টালে প্রকাশিত নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের সঙ্গে যুক্ত বিদেশি রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থি বৈরী কর্মকাণ্ডের’ জবাবে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন থেকেই এই সিদ্ধান্ত।

নতুন বিধিনিষেধের আওতায় রুশ তেল শোধনাগারগুলোর প্রক্রিয়াজাতকরণের পরিমাণ এবং উৎপাদিত জ্বালানি পণ্যের তথ্যকে সীমিত প্রবেশাধিকারের আওতায় আনা হয়েছে।

এ ছাড়া রপ্তানি করা জ্বালানি পণ্যের নাম, পরিমাণ ও মূল্য; বিক্রেতা, ক্রেতা ও মধ্যস্থতাকারীদের পরিচয়; লেনদেনের তথ্য; সরবরাহের সময়সূচি; পরিবহনযানের বিবরণ; পাশাপাশি পরিবহনপথ, টার্মিনাল ও সংরক্ষণাগারের তথ্য প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে। এসব স্থাপনার ভৌগোলিক অবস্থানের তথ্যও এর আওতায় পড়বে।

তেল ও জ্বালানি পণ্যের ‘সমন্বিত শুল্ক পরিসংখ্যান’ এবং সম্ভাব্য বিক্রির পরিমাণসংক্রান্ত তথ্যও সীমিত তথ্য হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

ডিক্রি অনুযায়ী, গণমাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা যাবে না। তবে কোনো কোম্পানি নিজস্ব কার্যক্রম সম্পর্কে যে তথ্য প্রকাশ করে, তা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তথ্যের মালিকের অনুমতি থাকলে নির্দিষ্ট ক্ষেত্রে প্রবেশাধিকার দেওয়া যেতে পারে। একই সঙ্গে আইনগত ক্ষমতাবলে সরকারি সংস্থাগুলো এসব তথ্য ব্যবহারের সুযোগ পাবে।

নতুন বিধিনিষেধের আওতায় কোন কোন পণ্য পড়বে, সে বিষয়ে পণ্যের কোড নির্ধারণ এবং সরকারি ব্যবস্থায় থাকা তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকরণের নিয়ম অনুমোদনের জন্য সরকারকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন