হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও আঞ্চলিক সংকট নিরসনে ইরানের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতায় নতুন করে পরোক্ষ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি আশা প্রকাশ করেছেন, আগামীকাল মঙ্গলবার ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাব পাওয়া যেতে পারে। খবর আলজাজিরার।
নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গত সপ্তাহের সফরে ইরানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আঞ্চলিক সংঘাত এবং হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তেহরানের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে সংকট নিরসন এবং গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় সচল করার জন্য ইরান একটি ন্যায্য ও যৌক্তিক পরিকল্পনা প্রস্তাব করেছে।
আরাগচির বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল আমেরিকান পক্ষ এবং অন্যান্য সকল দেশের কাছে এই শর্তগুলো পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা নিশ্চিত করা যে, এ বিষয়ে ইরানের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সর্বশেষ বৈঠকে কাতারের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মতপার্থক্য কমিয়ে তেহরানের প্রস্তাব বাস্তবায়নের পথ তৈরি করতে কয়েকটি নতুন ধারণা উপস্থাপন করেছেন। এসব প্রস্তাব এখন যুক্তরাষ্ট্রের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
আরাগচি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান আগেও হয়ে আসছিল। তবে ইরানের নতুন প্রস্তাব সামনে আসার পর এই যোগাযোগ আগের তুলনায় আরও গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগের এই প্রক্রিয়া এখন আরও ‘গুরুতর পর্যায়ে’ পৌঁছেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


