জেনসেন হুয়াংকে আর সিইও পদে ফেরাবে না এনভিডিয়া

জেনসেন হুয়াংকে আর সিইও পদে ফেরাবে না এনভিডিয়া
বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে আনা হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোন্স। মঙ্গলবার বিনিয়োগকারীদের সঙ্গে এক সম্মেলনকলে তিনি এ কথা জানান। একই সঙ্গে হুয়াংয়ের পদত্যাগ নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

গত সপ্তাহে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। এরপর তাকে আবার ফিরিয়ে আনার দাবিতে ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ নামে একটি প্রচারাভিযান শুরু হয়। চেয়ারম্যানের বক্তব্যকে সেই উদ্যোগের প্রতি পরিচালনা পর্ষদের কঠোর অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

জোন্স জানান, নতুন সিইও খুঁজতে নির্বাহী নিয়োগ প্রতিষ্ঠান হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলসকে দায়িত্ব দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। যত দ্রুত সম্ভব স্থায়ী সিইও নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি। তবে উপযুক্ত প্রার্থী নিশ্চিত না হয়ে তাড়াহুড়ো করে কাউকে নিয়োগ দেওয়া হবে না।

সম্মেলনকলে জোন্সের সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সিইও ও প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস এবং হাইপারস্কেল ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইয়ান বাক। বিশ্লেষকদের মতে, আর্থিক, প্রযুক্তিগত ও কৌশলগত—সব ধরনের প্রশ্নের উত্তর দিতে এনভিডিয়ার পক্ষ থেকে নেতৃত্বের একাধিক পর্যায়ের প্রতিনিধিকে সামনে আনা হয়েছে।

ক্রেস বলেন, হুয়াংয়ের পদত্যাগের পর গত এক সপ্তাহে প্রতিষ্ঠানের নেতৃত্ব দল দৃঢ়ভাবে দায়িত্ব পালন করেছে। এনভিডিয়ার চিপ উৎপাদনকারী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) নেতৃত্বও প্রতিষ্ঠানটির কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করছে।

তিনি আরো জানান, এনভিডিয়ার নতুন প্রজন্মের এআই চিপ ‘ভেরা রুবিন’ বাজারে ভালো সাড়া পাচ্ছে। পাশাপাশি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ ও অংশীদারত্বের ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।

শক্তিশালী আর্থিক ফল, বাড়ল শেয়ারের দাম

হুয়াংয়ের পদত্যাগের পর বিনিয়োগকারীদের মধ্যে এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব ও ব্যবসায়িক কৌশল নিয়ে উদ্বেগ তৈরি হলেও তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার বাজার-পরবর্তী লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে তাদের আয় দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ১০৯ দশমিক ১১ বিলিয়ন ডলার। টানা ১৭ প্রান্তিক ধরে ওয়াল স্ট্রিটের আয়সংক্রান্ত পূর্বাভাস ছাড়িয়ে যাচ্ছে এনভিডিয়া।

চতুর্থ প্রান্তিকে ১৩০ বিলিয়ন ডলার আয় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে আয় ৩ শতাংশ কম-বেশি হতে পারে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল ১২৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার। তবে এই পূর্বাভাসে চীনে ডেটা সেন্টারের চিপ বিক্রি থেকে কোনো আয় ধরা হয়নি।

এদিকে হুয়াংয়ের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির শেয়ার চলতি বছরে মঙ্গলবারের লেনদেন শেষ হওয়া পর্যন্ত প্রায় ১৭ শতাংশ কমেছে। ওই সময় এনভিডিয়ার বাজারমূল্য ছিল প্রায় ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

সিইও পদে কারা আলোচনায়

নতুন সিইও নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের—দুই ধরনের প্রার্থীকেই বিবেচনা করছে পরিচালনা পর্ষদ। অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেসকে এ সময়ে স্থিতিশীল নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য মুখ হিসেবে দেখা হচ্ছে।

চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্মের প্রধান নির্বাহী এবং এনভিডিয়ার সাবেক কর্মকর্তা রেনে হাসের নামও আলোচনায় রয়েছে। পূর্বাভাসভিত্তিক বাজার কালশির হিসাবে, নতুন সিইও হওয়ার সম্ভাবনায় হাসের পক্ষে বাজি ধরার হার ২৫ শতাংশ। এনভিডিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়ান বাকের পক্ষে ১৭ শতাংশ এবং জেনসেন হুয়াংয়ের পক্ষে ৯ শতাংশ।

এদিকে অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস বলেছেন, এনভিডিয়ার পরবর্তী প্রধান নির্বাহী প্রতিষ্ঠানটির ভেতর থেকেই নিয়োগ দেওয়া উচিত। তার মতে, এনভিডিয়ার ব্যবসা ও কার্যক্রম অত্যন্ত জটিল; তাই বাইরের কাউকে এনে দায়িত্ব দেওয়া ঠিক হবে না।

গত বৃহস্পতিবার ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত একাধিক তথ্য প্রকাশের পর পদত্যাগ করেন হুয়াং। এর মধ্যে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার দুই কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও রয়েছে।

এদিকে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের যোগাযোগের মাত্রা এবং তিনি বেইজিংয়ের কাছে কোনো তথ্য সরবরাহ করেছেন কি না, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে জানিয়েছে রয়টার্স। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন।

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এসইসি।

জাতীয় নিরাপত্তা ও রপ্তানি নিয়ন্ত্রণে নতুন কমিটি

হুয়াংয়ের পদত্যাগের পর প্রথম বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ হিসেবে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা ও রপ্তানি নিয়ন্ত্রণবিষয়ক একটি কমিটি গঠন করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। চিপ রপ্তানি ও জাতীয় নিরাপত্তায় প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রে নজরদারি বাড়ার মধ্যেই এ সিদ্ধান্ত এলো।

চীনা প্রতিষ্ঠানের ব্যবহৃত বিদেশি ডেটা সেন্টার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিপ সরবরাহের ক্ষেত্রে লাইসেন্সসংক্রান্ত নিয়ম আরো কঠোর করেছে ওয়াশিংটন। চীনে চিপ রপ্তানি বাড়ানোর পক্ষে অবস্থান নেওয়া হুয়াংকে এ বিষয়ে প্রশ্ন করার প্রস্তুতিও নিচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা।

বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের বিদায় এনভিডিয়ার তিন দশকের প্রতিষ্ঠাতানির্ভর নেতৃত্বের অবসান ঘটিয়েছে। এত দিন প্রতিষ্ঠানের চিপ উন্নয়ন পরিকল্পনা, বড় গ্রাহকদের সঙ্গে চুক্তি এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ফলে নতুন সিইওর জন্য বড় চ্যালেঞ্জ হবে প্রতিষ্ঠানের চলমান কৌশল ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা।

তবে হুয়াং মঙ্গলবার বলেছেন, পরিচালনা পর্ষদ যদি মনে করে তাকে ফিরিয়ে আনা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে ভালো হবে, তাহলে তিনি সম্মানিত বোধ করবেন। তার এই বক্তব্যের পরও চেয়ারম্যানের ঘোষণায় আপাতত তাঁকে ফেরানোর সম্ভাবনা নাকচ হয়ে গেল।

সূত্র: রয়টার্স, দ্য জেরুজালেম পোস্ট, দ্য ন্যাশনাল ও ইন্ডিয়া টুডে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...