ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে 'অবিশ্বাসযোগ্য' বলে অভিহিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
বাঘাই জানান, অনেক দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতা করার প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, 'গত কয়েক দিন ধরে বিভিন্ন পক্ষের বার্তা আদান-প্রদান চলছে এবং আমরা সেগুলোর জবাব দিয়েছি। আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট—আমরা নিজেদের রক্ষা করা অব্যাহত রাখব।'
আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার বিষয়ে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে ইরানি এই মুখপাত্র বলেন, 'বাস্তব পরিস্থিতির দিকে তাকান। ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার। সুতরাং তাদের কূটনীতি ও মধ্যস্থতার দাবি মোটেও বিশ্বাসযোগ্য নয়।'
বাঘাই আরও যোগ করেন, 'যেহেতু তারা এই যুদ্ধ শুরু করেছে এবং ইরানের ওপর হামলা চালিয়েই যাচ্ছে, তাই কেউ কি বিশ্বাস করতে পারে যে তাদের মধ্যস্থতার দাবিটি সত্য?'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

