গাজায় জিম্মিদের মুক্তি এবং চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার জেরুজালেমের প্যারিস স্কয়ার, হাইফার হোরেভ সেন্টার, দক্ষিণে বেরশেবা এবং উত্তরে নাহারিয়াসহ দেশজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
সবচেয়ে বড় বিক্ষোভ হয় ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং তেলআবিবের রথসচাইল্ড স্ট্রিটের হাবিমা স্কয়ারের সামনে।
বিক্ষোভ সমাবেশ থেকে হাজায় বন্দি ইসরাইলিদের মুক্তির বিনিময়ে হামাসের সাথে যুদ্ধ বন্ধে চুক্তি করার আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক স্বার্থের কারণে আলোচনায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন ইসরাইলের বিরোধী দল ও বন্দিদের স্বজনরা।
ইসরাইলের ধারনা, অন্তত ৫০ জন হামাসের কাছে বন্দি রয়েছেন; যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। আর ১০ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দী রয়েছেন। মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, ইসরাইলি কারাগারে ফিলিস্তিনিদের ব্যাপক নির্যাতন হয়।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে, ইসরাইলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় এক নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যার ফলে এখন পর্যন্ত ৬১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে, ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানোর এক নতুন পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরাইলি সরকার। সম্প্রতি দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ পশ্চিম তীরের ‘ইওয়ান’ অঞ্চলে ৩,৪০১টি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে ।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



