ভারতে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তাকে বাংলাদেশে ফেরানোর জন্য সামরিক বিমান ব্যবহারের খবর নিয়ে প্রশ্ন করা হয়। তবে বিষয়টি এড়িয়ে যান তিনি। শুধু জানিয়েছেন, প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
গত ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে গণঅভ্যত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকায় বিষয়টি আইনি ও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দিল্লি ও ঢাকার মধ্যে নেপথ্যে আলোচনা চলছে বলে জল্পনা ছড়িয়েছে। সেই সঙ্গে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য দুটি শর্ত দিয়েছে ভারত—এমন খবরও প্রকাশিত হয়েছে। যদিও এই দাবিগুলোর কোনোটিই ভারত সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।
প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
সেই প্রক্রিয়া আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।
এর জন্য দিল্লির পক্ষ থেকে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।
দ্বিতীয় শর্তটা হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডে বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতিমাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্যও করছে না।
এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে। তবে এ দুটি শর্তের কথা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশ কনস্যুলার বৈঠক নিয়েও প্রশ্ন ওঠে। ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। কেন বৈঠক স্থগিত হলো, তা নিয়ে জয়সওয়াল বলেন, দুই দেশের সুবিধাজনক সময়ে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। বাণিজ্য, রেলযোগাযোগ, জলসম্পদ এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং সুদূরপ্রসারী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




