ম্যাথিউ কোলের বইয়ে বিস্ফোরক দাবি

মধ্যপ্রাচ্যের শাসকদের অন্দরমহলের যৌনতা-ব্ল্যাকমেইল ও মাদক

মধ্যপ্রাচ্যের শাসকদের অন্দরমহলের যৌনতা-ব্ল্যাকমেইল ও মাদক
জ্যারেড কুশনারের সঙ্গে মোহাম্মদ বিন সালমান ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি-সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এক নতুন বইয়ে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। যৌনতা ও ব্ল্যাকমেইল, মাদক ও চিকিৎসার নামে নিয়ন্ত্রণ, ইসরাইলি প্রযুক্তি ব্যবহার, এক কবির নির্যাতনে মৃত্যু এবং ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিদের দ্বন্দ্ব—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহল নিয়ে বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন অনুসন্ধানী সাংবাদিক ম্যাথিউ কোল।

প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মেদ বিন জায়েদের সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট শিরোনামের বইটিতে ট্রাম্পের প্রথম মেয়াদে কুশনারের সঙ্গে সৌদি আরব ও বিশেষ করে ইউএইর শাসকগোষ্ঠীর সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। সৌদি ও আমিরাতের শাসকগোষ্ঠীর কাছ থেকে কুশনার প্রায় ২০০ কোটি ডলারের আর্থিক সুবিধা পেয়েছিলেন। এর মধ্যে ৭৫ কোটি ডলার আমিরাতের একটি দাতব্য সংস্থার মাধ্যমে ফার্স্ট আবুধাবি ব্যাংকে রাখা হয়েছিল। নাগরিক উন্নয়নমূলক কর্মসূচির কথা বলা হলেও অর্থটি বাস্তবে আমিরাতের অস্ত্র কেনা ও গোপন সামরিক অভিযানে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কুশনার। তার ভাষায়, অভিযোগগুলো ‘সম্পূর্ণ উন্মাদনাপূর্ণ ও ভিত্তিহীন’।

বিজ্ঞাপন

ভাইকে যৌন সম্পর্কের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ

১৯৯০-এর দশকে মোহাম্মদ বিন জায়েদ তার ভাই ও সিংহাসনের উত্তরাধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বী খলিফা বিন জায়েদের যৌন সম্পর্কের ভিডিও ধারণের ব্যবস্থা করেছিলেন। এ জন্য তিনি দুই সিরীয় নাগরিককে নিয়োগ দেন। দক্ষিণ ইউরোপের একটি হোটেলে ধারণ করা ওই ভিডিও পরে রুশ যোগাযোগকারীদের মাধ্যমে তাদের বাবা ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতানের কাছে পাঠানো হয়।

ভাইকে বিব্রত ও চাপে রাখার উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছিল। শেখ জায়েদ বিষয়টি বুঝতে পেরেও মোহাম্মদের কৌশলে একধরনের সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। পরিবারের ভেতরে এই ঘটনা মোহাম্মদের ক্ষমতার আকাঙ্ক্ষার প্রাথমিক ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়েছিল।

চিকিৎসার নামে ভাইকে অক্ষম করে রাখার অভিযোগ

খলিফা বিন জায়েদের শারীরিক ও মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়ার পেছনে কেবল ২০১৪ সালে তার স্ট্রোকের ঘটনা দায়ী ছিল না। এর আগেই তিনি মদ্যপান ও শনাক্ত না হওয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। ২০০৩ সালে মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির উপ-ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই ভাইকে এমন কিছু চিকিৎসা দেওয়া হচ্ছিল, যার ফলে তিনি স্বাভাবিকভাবে কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলেন। চিকিৎসার কারণে খলিফা একধরনের ঘোরের মধ্যে থাকতেন এবং শেষ পর্যন্ত তার স্নায়ুর ক্ষতি হয়। একজন মার্কিন নার্সের সহায়তায় এসব চিকিৎসা দেওয়া হতো।

আমিরাতের যুদ্ধবিমানে ইসরাইলি প্রযুক্তি

বইয়ে আমিরাতের সঙ্গে ইসরাইলের দীর্ঘদিনের গোপন নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ১৯৯০-এর দশক থেকেই মোহাম্মদ বিন জায়েদ ইসরাইলের সামরিক প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন এফ-১৬ যুদ্ধবিমানে ইসরাইলি সফটওয়্যার ব্যবহারের বিষয়ে একটি প্রতিবেদন পড়ে তিনি তার বাবাকে বিমানগুলো কেনার জন্য রাজি করানোর চেষ্টা করেন। সে সময় আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে মোহাম্মদ নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেন। তার সমর্থনে আমিরাত ৮০টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয় এবং সেগুলোতে ইসরাইলি সফটওয়্যার যুক্ত করার উদ্যোগ নেয়।

ওই সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের মধ্যস্থতায় ইসরাইল ও আমিরাতের মধ্যে গোপন আলোচনা হয়েছিল। মূলত আমিরাতের কাছে উন্নত যুদ্ধবিমান বিক্রি হলে ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষতিগ্রস্ত হবে কি না, তা নিয়ে উদ্বেগ দূর করাই ছিল আলোচনার উদ্দেশ্য। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি—আব্রাহাম অ্যাকর্ডসে—স্বাক্ষরের আগেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক গড়ে উঠেছিল।

ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিরোধিতা করায় কবিকে নির্যাতনে হত্যার অভিযোগ

আমিরাতের ইসরাইলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগের বিরোধিতা করায় দেশটির কবি হাবিব আল-সায়েগকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। আল-সায়েগ ছিলেন আমিরাতের প্রভাবশালী কবি ও লেখক। তিনি আল-খালিজ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং আরব লেখক ইউনিয়নের মহাসচিব ছিলেন। আমিরাত ও সৌদি আরবের কাতার অবরোধের পক্ষেও অবস্থান নিয়েছিলেন তিনি। তবে ইসরাইলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতা নিয়ে শাসকগোষ্ঠীর ভেতরে তিনি আপত্তি জানাতেন।

সতর্কবার্তা উপেক্ষা করে ২০১৯ সালের আগস্টে ‘ইসরাইল আমাদের প্রকৃত শত্রু এবং একটি বিপজ্জনক প্রকল্প’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন আল-সায়েগ। এরপর মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। আটক অবস্থায় তার দাঁত উপড়ে ফেলা হয় এবং ধাতব অংশযুক্ত বেল্ট দিয়ে পেটানো হয়। টানা তিন দিন নির্যাতনের পর তার মৃত্যু হয়। তার লাশের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে মোহাম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠ এক সহযোগী সেটিকে ‘প্রায় চেনার অযোগ্য’ বলে বর্ণনা করেছিলেন।

কুশনার ও টম ব্যারাকের ক্ষমতার দ্বন্দ্ব

বইটিতে ট্রাম্পের প্রথম প্রশাসনের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব জ্যারেড কুশনার ও টম ব্যারাকের মধ্যকার দ্বন্দ্বের কথাও উঠে এসেছে। লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ব্যারাক বর্তমানে তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ইরাক ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য আবুধাবি ও রিয়াদের অর্থায়নে ইউরোপ পুনর্গঠনের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মার্শাল প্ল্যানের আদলে একটি কর্মসূচি চালু করতে চেয়েছিলেন ব্যারাক। কিন্তু কুশনার তাকে মধ্যপ্রাচ্যের নীতিনির্ধারণে সীমিত ভূমিকা দিতে চেয়েছিলেন। মিসর-সংক্রান্ত বিষয় ছাড়া অন্য ক্ষেত্রে কুশনার তার সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক ও যোগাযোগ ভাগ করতে রাজি ছিলেন।

২০১৭ সালে সৌদি আরব ও আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপ করলে দুই কর্মকর্তার দ্বন্দ্ব আরো বাড়ে। ওই সময় কুশনার অবরোধের পক্ষে অবস্থান নিতে আগ্রহী ছিলেন। অন্যদিকে ব্যারাক ও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ট্রাম্পকে অবরোধে যুক্তরাষ্ট্রের সমর্থন না দেওয়ার পরামর্শ দেন।

অভিযোগ অস্বীকার কুশনারের, তদন্তের দাবি

এসব অভিযোগের বিষয়ে কুশনার ও তার আইনজীবীরা কঠোর আপত্তি জানিয়েছেন। কুশনার দাবি করেছেন, অভিযোগগুলো মিথ্যা এবং লেখক তার বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের সুযোগ যথাযথভাবে দেননি। তার আইনজীবীরা বইটির প্রকাশক ও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

ডেমোক্রেসি নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে লেখক বলেন, বইটি তৈরিতে ৫০টির বেশি সূত্রের সঙ্গে কথা বলা হয়েছে এবং প্রকাশের আগে ব্যাপক তথ্য যাচাই ও আইনি পর্যালোচনা করা হয়েছে। এসব দাবি কুশনারের সরকারি দায়িত্ব, মধ্যপ্রাচ্যের শাসকগোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক এবং মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থের সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...