ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যরা। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন তারা। খবর আলজাজিরার।
কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস শুক্রবার কমিটির ডেমোক্র্যাটদের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন।
মিকস বলেন, ‘ট্রাম্পের এই বিপর্যয়কর ইরান যুদ্ধ পেট্রল ও ডিজেলের দাম আকাশচুম্বী করেছে। এর মূল্য দিতে হচ্ছে মার্কিন জনগণকে।’
শুক্রবার রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার বিষয়ে ট্রাম্পের ঘোষণারও সমালোচনা করেন তিনি। মিকসের অভিযোগ, রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আইন সই করার কয়েক সপ্তাহের মধ্যেই অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট।
মিকস বলেন, ‘আমি এই অবস্থান পরিবর্তনের নিন্দা জানাই। ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য পুতিনের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার পরিবর্তে ট্রাম্প তাঁকে তুষ্ট করার নীতি অব্যাহত রেখেছেন।’
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া অবিলম্বে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। নভেম্বরে এবং পরবর্তী সময়েও আরও জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


