গাজায় একটি হাসপাতালে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার নাসের হাসপাতালে হামলায় নিহতদের মধ্যে চারজন সাংবাদিকও রয়েছেন। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি, আল জাজিরার মোহাম্মদ সালামা, এনবিসির মোয়াজ আবু তাহা এবং ফ্রিল্যান্সার মারিয়াম আবু দাকা।
গাজায় ইসরাইলি হামলায় তাদের সংবাদ কর্মী নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া, রয়টার্সের আরেক ফটোগ্রাফার হাতেম খালেদ আহত হয়েছেন।
নাসের হাসপাতালের এক চিকিৎসক জানান, হামলার সময় সেখানে ছাত্র, চিকিৎসক ও সাংবাদিকরা সেখানে ছিলেন।
তিনি বলেন, ‘অপারেশন রুম, বিশেষ করে সকালের দিকে মেডিকেল ছাত্র, রোগী, ডাক্তার এবং নার্সে ভর্তি থাকে। যখন সাংবাদিকরা গাজার হাসপাতালগুলোতে কী ঘটছে তার প্রতিবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় হামলা হয়।’
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দ্বিতীয় হামলাটি তখন ঘটেছিল যখন উদ্ধারকর্মী, সাংবাদিক এবং অন্যান্য লোকেরা প্রথম হামলার স্থানে ছুটে যান। রয়টার্সের লাইভ ভিডিও ফিড, যা পরিচালনা করেছিলেন আল-মাসরি, প্রথম হামলার মুহূর্তে হঠাৎ বন্ধ হয়ে যায়।
এরআগে এই মাসের শুরুর দিকে গাজা সিটির আল-শিফা হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়।
এরা হলেন- সংবাদদাতা আনাস আল-শরিফ ও মোহাম্মেদ কুরেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মেদ নৌফাল এবং মোয়ামেন আলিয়া।
হামলার সময় তারা হাসপাতালের মূল ফটকের কাছে সাংবাদিকদের জন্য তৈরি করা একটি তাঁবুতে অবস্থান করছিলেন তারা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



