উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির
ছবি: সংগৃহীত।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর ওপর ৭ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এ দাবি করেছেন জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বিশ্বজুড়ে দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে।

আলবুদাইউই জানান, গত আট মাসে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে জিসিসির ছয় সদস্য দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল ও গ্যাস স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, লবণমুক্তকরণ কেন্দ্র এবং আবাসিক এলাকা। এসব হামলায় প্রাণহানি ও হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরব উপসাগরের পানির পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমরা উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।’ তার ভাষায়, এসব হামলা জিসিসির সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। হামলা বন্ধ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার হুমকি নিয়ে আলোচনার জন্য বাহরাইন এ বৈঠকের অনুরোধ জানায়। চলতি মাসে নিরাপত্তা পরিষদের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্বে থাকা লাটভিয়া বৈঠকটি আয়োজন করে।

আলবুদাইউই বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের প্রভাব এখন আর শুধু অর্থনৈতিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি গুরুতর মানবিক সংকটেও রূপ নিয়েছে। বৈশ্বিক সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে যাচ্ছে। বিশেষ করে সার ও অ্যামোনিয়ার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য এসব উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আগের এক সতর্কবার্তার কথাও উল্লেখ করেন তিনি। গুতেরেস বলেছিলেন, সারের সংকটের কারণে উন্নয়নশীল ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং দুর্ভিক্ষ ও তীব্র খাদ্যসংকট দেখা দিতে পারে।

উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার জন্য তেহরানকে সম্পূর্ণ দায়ী করেন তিনি। তার অভিযোগ, যেসব দেশ যুদ্ধে জড়িত ছিল না, বরং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল, ইরান সেসব দেশকেই লক্ষ্যবস্তু করেছে। এ হামলার পক্ষে ইরানের দেওয়া যুক্তিও প্রত্যাখ্যান করেন তিনি।

সূত্র: আরব নিউজ

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...