ভবিষ্যতের যুদ্ধ আর কেবল সেনাবাহিনীর মুখোমুখি লড়াই, ট্যাংক কিংবা প্রচলিত সামরিক সরঞ্জামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সাইবার হামলা, অর্থনৈতিক চাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে মনস্তাত্ত্বিক প্রচারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় অস্ত্র, উন্নত ক্ষেপণাস্ত্র ও সামরিক ড্রোনই হয়ে উঠবে যুদ্ধের প্রধান হাতিয়ার। এসব প্রযুক্তির দ্রুত বিকাশ যুদ্ধকে আরো জটিল, প্রাণঘাতী এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিপূর্ণ করে তুলছে।
‘ফিউচার ওয়ারস’ শীর্ষক নিবন্ধে এসব বিষয় তুলে ধরা হয়েছে। গত বছর ভারত-পাকিস্তানের চার দিনের সামরিক সংঘাত এবং চলতি বছরের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ আধুনিক যুদ্ধের পরিবর্তিত চিত্র সামনে এনেছে। হাজার বছরের প্রচলিত যুদ্ধের ধারণা এখন দ্রুত বদলে যাচ্ছে। একসময় যুদ্ধের মূল শক্তি ছিল বিপুলসংখ্যক সেনাসদস্য, সাঁজোয়া যান ও নির্দিষ্ট সামরিক বিন্যাস। কিন্তু আধুনিক যুদ্ধ এখন বহুমাত্রিক। একটি রাষ্ট্র সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, সাইবার সক্ষমতা, তথ্যপ্রবাহ ও সাংস্কৃতিক প্রভাবকেও প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করছে।
আধুনিক যুদ্ধের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে উন্নত ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন। এসব অস্ত্রের মাধ্যমে দূরপাল্লায় নির্ভুল হামলা এবং দ্রুত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে। গত বছরের ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান দৃষ্টিসীমার বাইরে অবস্থানরত কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। চলতি বছরের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধেও উভয় পক্ষ প্রচলিত মুখোমুখি লড়াইয়ের পরিবর্তে ইনফ্রারেড সেন্সর ও স্যাটেলাইট যোগাযোগনির্ভর ক্ষেপণাস্ত্রের ওপর বেশি নির্ভর করেছে।
এ ছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য উন্নত রোবটিক ব্যবস্থার ব্যবহার বাড়ছে। ড্রোন ও রোবটিক কুকুর যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করতে পারে। মাইন অপসারণ, আটক ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা এবং ঝুঁকিপূর্ণ সামরিক কাজে এসব প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হচ্ছে।
মানববিহীন আকাশযানে এআইনির্ভর প্রযুক্তি যুক্ত হওয়ায় সেগুলো নিজেরাই সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে পারছে। নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করার পর ‘লোইটারিং মিউনিশন’ বা লক্ষ্যবস্তুর আশপাশে ঘোরাফেরা করে সুযোগমতো আঘাত হানতে সক্ষম অস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের মাধ্যমে হামলাও চালানো সম্ভব হচ্ছে।
একইভাবে, মানববিহীন স্থলযান ব্যবহার করে সেনাদের জীবনের ঝুঁকি ছাড়াই অস্ত্র, গোলাবারুদ ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহন করা যাচ্ছে। সমন্বিতভাবে হামলা চালানোর জন্য ড্রোনের ঝাঁক বা ‘ড্রোন সোয়ার্ম’ প্রযুক্তিও তৈরি হচ্ছে। ভবিষ্যতে সামরিক অভিযানে মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যানয়েড রোবট ব্যবহারের সম্ভাবনাও দেখা যাচ্ছে।
আধুনিক যুদ্ধের প্রযুক্তিগত পরিসরে কোয়ান্টাম কম্পিউটিং এবং নতুন প্রজন্মের ব্যাটারিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কোয়ান্টাম কম্পিউটিং প্রচলিত কম্পিউটারের তুলনায় জটিল সমস্যার সমাধান অনেক দ্রুত করতে পারে। সংঘাতের সময় নিরাপদ তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও এ প্রযুক্তি ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, নতুন ধরনের কাঠামোগত ব্যাটারি দীর্ঘ সময় শক্তি সংরক্ষণে সক্ষম হওয়ায় সামরিক সরঞ্জামের কার্যক্ষমতা বাড়াতে পারে।
তবে এসব প্রযুক্তির বিস্তারে বড় ধরনের নৈতিক ও আইনি প্রশ্ন তৈরি হচ্ছে। ভবিষ্যতের যুদ্ধ ক্রমেই মানুষের সরাসরি অংশগ্রহণ ও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। স্বয়ংক্রিয় অস্ত্র পরিস্থিতির প্রেক্ষাপট বুঝতে কিংবা মানবিক বিবেচনায় সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। ফলে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন, যুদ্ধাপরাধ এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। এসব ঘটনায় দায় কার, তা নির্ধারণ করাও কঠিন হয়ে উঠবে।
এ ছাড়া স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুতগতির সিদ্ধান্ত ও হামলার সক্ষমতা কোনো সংঘাতকে অল্প সময়ের মধ্যে বড় যুদ্ধে রূপ দিতে পারে। একবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাষ্ট্রগুলোর পক্ষে সংঘাত থামানো কঠিন হতে পারে ।
আধুনিক যুদ্ধের আরেকটি লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া। এ জন্য সামরিক স্থাপনার পাশাপাশি অর্থনৈতিক অবকাঠামো, বিদ্যুৎব্যবস্থা ও সরবরাহব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ গ্রিড, সেতু এমনকি দেশটির সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়েছিলেন।
ভবিষ্যতের যুদ্ধে কোনো রাষ্ট্র কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়বে, তা অনেকাংশে নির্ভর করবে প্রতিপক্ষের প্রযুক্তিগত সক্ষমতার ওপর। আধুনিক প্রযুক্তি অর্জন ও কার্যকরভাবে ব্যবহারের সামর্থ্য তাই শুধু যুদ্ধ পরিচালনার জন্য নয়, যুদ্ধের মধ্যেও টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে প্রযুক্তির পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তিত পরিবেশও ভবিষ্যতের যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। লেখকের পর্যবেক্ষণ, বিশ্বব্যবস্থায় শক্তি প্রয়োগই ক্রমে আন্তর্জাতিক সম্পর্কের প্রধান নির্ধারক হয়ে উঠছে। বড় শক্তিগুলো প্রতিপক্ষকে পরাস্ত করতে অনেক সময় একতরফাভাবে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিংবা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শক্তি প্রয়োগে দ্বিধা করছে না।
এ পরিস্থিতিতে ছোট ও মাঝারি শক্তির দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উপায় খুঁজছে। একই স্বার্থ ও দৃষ্টিভঙ্গির দেশগুলোর সঙ্গে জোট গঠন, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং নিজস্ব ডিজিটাল ও স্যাটেলাইটভিত্তিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার দিকে তাদের মনোযোগ বাড়ছে। এসব সক্ষমতা অর্জনের জন্য শক্তিশালী অর্থনীতি, বিশ্বাসযোগ্য তথ্যপ্রবাহ এবং আগ্রাসন ঠেকাতে কার্যকর জাতীয় বয়ান তৈরি করাও জরুরি।
ভবিষ্যতের জটিল ও বহুমাত্রিক যুদ্ধ এড়াতে কূটনৈতিক উদ্যোগ জোরদার গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সনদের মতো একটি নতুন বৈশ্বিক চুক্তি প্রয়োজন, যেখানে সব রাষ্ট্র একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে বাধ্য থাকবে। একে ‘অবিভাজ্য নিরাপত্তা’র ভিত্তিতে নতুন বৈশ্বিক সমঝোতা বলা যায়। রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান নিশ্চিত করাই ভবিষ্যতের ভয়াবহ যুদ্ধ ঠেকানোর একমাত্র কার্যকর পথ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

