হরমুজে হুমকি ছিল ইরানের মাইন পাতা বাহিনী: যুক্তরাষ্ট্র

হরমুজে হুমকি ছিল ইরানের মাইন পাতা বাহিনী: যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

হরমুজ প্রণালিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মাইন পাতা বাহিনী হুমকি তৈরি করেছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হুমকি মোকাবিলায় লরাক দ্বীপে মাইন পাতা বাহিনীর ওপর নির্ভুল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, হরমুজ প্রণালিতে হুমকি তৈরি করা আইআরজিসির মাইন পাতা বাহিনীর বিরুদ্ধে মার্কিন বাহিনী ‘সীমিত ও নির্ভুল অভিযান’ চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্টকম বলেছে, মূল বিষয় হলো, হুমকিটি ইরানই তৈরি করেছিল। বেসামরিক নাবিক, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং বৈশ্বিক বাণিজ্যের অবাধ প্রবাহ সুরক্ষিত রাখতে মার্কিন সামরিক বাহিনী সেই হুমকি দূর করেছে।

লরাক দ্বীপে মার্কিন হামলাকে ইরান ‘আগ্রাসনের কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছিল। তবে ইরানের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে সেন্টকম।

যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য আইআরজিসির মাইন পাতা বাহিনী তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল। সেই হুমকি মোকাবিলায়ই লরাক দ্বীপে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথে আন্তর্জাতিক বাণিজ্যের বড় একটি অংশের জ্বালানি পরিবহন হয়। ফলে সেখানে কোনো সামরিক তৎপরতা বা জাহাজ চলাচলে বাধা তৈরি হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সেন্টকমের বক্তব্য অনুযায়ী, লরাক দ্বীপে অভিযান চালানোর মূল উদ্দেশ্য ছিল বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজকে নিরাপদ রাখা এবং বৈশ্বিক বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন