ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’: মার্কিন রাষ্ট্রদূত

ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’: মার্কিন রাষ্ট্রদূত
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ছবি: বিবিসি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের বিরোধিতাকারীদের চিন্তাভাবনা ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’ বলে মন্তব্য করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। যুদ্ধের সমালোচনাকারীরা ‘আধ্যাত্মিক অন্ধকার ও অন্ধত্বে’ ভুগছেন বলেও দাবি করেছেন তিনি। তার এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের মধ্যে দেশটির রক্ষণশীল রাজনৈতিক শিবিরের লোকজনও রয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৩ অক্টোবর ইসরাইলি উপস্থাপক আমির তসারফাতির সঞ্চালনায় ‘দ্য অ্যাঙ্কর পডকাস্ট’-এ অংশ নিয়ে এসব কথা বলেন হাকাবি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনাকারীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শয়তান তাদের মনকে অন্ধ করে দিয়েছে’ এবং তাদের চিন্তাভাবনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

হাকাবির ভাষায়, যুদ্ধের বিরোধিতাকারীরা ‘আধ্যাত্মিক অন্ধকার ও আধ্যাত্মিক অন্ধত্বে’ ভুগছেন।

গত সপ্তাহার শেষ দিকে দেওয়া তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিষয়টি নিয়ে সমালোচনা আরো জোরালো হয়েছে। ওই নির্বাচনকে অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি, বিশেষ করে ইরান যুদ্ধের বিষয়ে, জনগণের সমর্থন যাচাইয়ের ভোট হিসেবে দেখছেন।

হাকাবির বক্তব্যের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাময়িকী ‘দ্য আমেরিকান কনজারভেটিভ’-এর জ্যেষ্ঠ সম্পাদক অ্যান্ড্রু ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘ইরান যুদ্ধের বিরোধিতাকারীরা শয়তানের নিয়ন্ত্রণে রয়েছেন—এমন তত্ত্ব দেওয়ার সময় রাষ্ট্রদূত হাকাবি বলছেন, “আমি জানি, একজন রাষ্ট্রদূতের এভাবে কথা বলা কিছুটা অদ্ভুত শোনায়।” হ্যাঁ, সত্যিই তা-ই!’

এদিকে, হাকাবির বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন