মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান থেকে আগত পর্যটকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। বৃহস্পতিবার (২৬ মার্চ) অস্ট্রেলীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগামী ছয় মাসের জন্য ইরানি পাসপোর্টধারীরা পর্যটন বা কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বল্পমেয়াদি ভিসায় আসা ব্যক্তিদের নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি বেড়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ইরানের পরিস্থিতির কারণে কিছু অস্থায়ী ভিসাধারীর ক্ষেত্রে নির্ধারিত সময় শেষে অস্ট্রেলিয়া ত্যাগ না করার ঝুঁকি তৈরি হয়েছে।’ তবে বিশেষ ক্ষেত্রে, যেমন—অস্ট্রেলীয় নাগরিকদের বাবা-মায়ের জন্য পৃথকভাবে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এ বিষয়ে বলেন, ‘ইরানের বর্তমান পরিস্থিতির আগে যেসব ভিজিটর ভিসা দেওয়া হয়েছিল, সেগুলোর অনেকগুলো এখন আবেদন করা হলে হয়তো অনুমোদিত হতো না।’ তিনি আরো স্পষ্ট করেন, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া উচিত; এটি যেন কারো ‘ছুটি কাটাতে আসার’ সুযোগ হিসেবে ব্যবহৃত না হয়।
সরকারি তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় বর্তমানে ৮৫ হাজারের বেশি জন্মসূত্রে ইরানি বাসিন্দা রয়েছেন, যাদের একটি বড় অংশ সিডনি ও মেলবোর্ন-এ বসবাস করেন।
চলতি মাসে অস্ট্রেলিয়া ইরানের নারী ফুটবল দলের সাতজন খেলোয়াড় ও কর্মকর্তাকে আশ্রয় দেওয়ায় তেহরানের সঙ্গে দেশটির কূটনৈতিক অসন্তোষ তৈরি হয়। এশিয়ান কাপ ম্যাচে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর পর ওই খেলোয়াড়রা ইরানে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হন। পরবর্তীতে পরিবারের ওপর চাপ সৃষ্টির আশঙ্কায় তাদের মধ্যে পাঁচজন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

