পশ্চিমবঙ্গে উপনির্বাচন

ভোট চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর

ভোট চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগরে উপনির্বাচনে ভোট চলার মধ্যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দলীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে এ ঘটনা ঘটে।

ভোট শুরুর পর থেকেই পুলিশের বিরুদ্ধে সরব ছিলেন কবির। তার অভিযোগ, বাড়ি ও ভোটকেন্দ্রের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দেওয়ার পরও তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন।

এরপর কবিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রেজিনগরের এজেইউপি কার্যালয়ে যায় পুলিশ। সেখানে তার সঙ্গে পুলিশ সদস্যদের তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। কবির পুলিশের বিরুদ্ধে ‘দালালি’ বা পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। একপর্যায়ে পরিস্থিতি ধস্তাধস্তিতে গড়ায়। পরে পুলিশ সদস্যরা তার জামা ধরে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যান।

ভোট দেওয়ার আগে কবির অভিযোগ করেন, তার বাড়ির সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোটারদের ভয় দেখাতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রেজিনগর ও নওদা—দুই আসনেই জয়ী হয়েছিলেন কবির। পরে নওদা আসনটি ধরে রাখায় রেজিনগর আসনটি শূন্য হয়। এই উপনির্বাচনে এজেইউপির প্রার্থী হয়েছেন তার ছেলে গোলাম নবী আজাদ।

রেজিনগরে বিজেপির সাখারাভ সরকার, তৃণমূল কংগ্রেসের রাবিউল আলম চৌধুরী ও সফিউজ্জামান শেখ, কংগ্রেসের মোহাম্মদ আবদুল্লাহিল কাফি এবং সিপিএমের সৈয়দ আসাদ আলীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নন্দীগ্রাম বিধানসভা আসনেও উপনির্বাচনে ভোট চলছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন