ইসলাম পশ্চিমা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ডমিনিক তারচিনস্কি। পোল্যান্ডের ক্ষমতায় গেলে সব মুসলিমের প্রবেশ নিষিদ্ধ করার কথা বলেছেন তিনি। ইউরোপে নতুন মসজিদ নির্মাণের বিরোধিতা করে কাতারে খ্রিষ্টানদের গির্জা নির্মাণে বিধিনিষেধের প্রসঙ্গও তুলেছেন এই রাজনীতিক।
ইউরোপে মুসলিম অভিবাসনের বিরোধিতার জন্য পরিচিত পোলিশ রাজনীতিক ডমিনিক তারচিনস্কি বলেছেন, পোল্যান্ডের ক্ষমতায় গেলে তিনি দেশটিতে সব মুসলিমের প্রবেশ নিষিদ্ধ করবেন। ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে তারচিনস্কি দাবি করেন, ইসলাম পশ্চিমা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ সময় ইউরোপে নতুন মসজিদ নির্মাণের অনুমতি না দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। তার বক্তব্য, কাতারে খ্রিষ্টানদের গির্জা ও ক্যাথেড্রাল নির্মাণের সুযোগ না থাকলে ইউরোপেও নতুন মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া উচিত নয়।
তিনি বলেন, ‘যত দিন কাতারে খ্রিষ্টানরা গির্জা ও ক্যাথেড্রাল নির্মাণ করতে পারবেন না, তত দিন ইউরোপেও কোনো মসজিদ থাকা উচিত নয়। বিষয়টি এতটাই সরল।’
তারচিনস্কির এ বক্তব্যের জবাবে পিয়ার্স মরগান তাকে ‘সংকীর্ণমনা’ বলে আখ্যা দেন। জবাবে তারচিনস্কি বলেন, ‘কাতারিদের ও জিহাদিদের কাছে নিজেদের বিকিয়ে দেওয়ার চেয়ে সংকীর্ণমনা হওয়া ভালো।’
‘ইসলাম পশ্চিমা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’
সাক্ষাৎকারে তারচিনস্কিকে প্রশ্ন করা হয়, ফ্রান্সে মুসলিম অভিবাসীদের প্রবেশও কি তিনি বন্ধ করতে চান? জবাবে তিনি বলেন, ‘না, অবশ্যই চাই না—তাদের প্রবেশের অনুমতি দেব না। ইসলাম পশ্চিমা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্য কোনো দেশ নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি পোল্যান্ডে তাদের চাই না। তারা আমাদের পরিচয় ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
ফ্রান্সে মুসলিমদের প্রবেশের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দেশটির বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তারচিনস্কির ভাষায়, ‘ফ্রান্সের পতন ঘটেছে। সব শেষ, এখন অনেক দেরি হয়ে গেছে।’
ইংল্যান্ডের প্রসঙ্গেও একই ধরনের মনোভাব প্রকাশ করেন তিনি।
অভিবাসন নিয়ে প্রশ্নে যা বললেন
সাক্ষাৎকারে পিয়ার্স মরগান তারচিনস্কিকে মনে করিয়ে দেন, তিনিও নিজে একজন অভিবাসী। এর জবাবে ব্যঙ্গাত্মকভাবে তারচিনস্কি বলেন, ‘আমি কর দিয়েছি এবং কোনো গির্জায় আগুন দিইনি।’
ইউরোপে মুসলিম অভিবাসনের বিরোধিতা করে বিভিন্ন সময়ে বক্তব্য দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন তারচিনস্কি। তার এসব মন্তব্য ইউরোপে অভিবাসন, ধর্মীয় স্বাধীনতা এবং মুসলিমদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে চলমান বিতর্কেরই অংশ।
সূত্র: ইকোনমিক টাইমস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


