দিনাজপুরে ২২৭ টন সরকারি সার বিক্রির অভিযোগে স্টোরকিপার আটক

দিনাজপুরে ২২৭ টন সরকারি সার বিক্রির অভিযোগে স্টোরকিপার আটক

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সার গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় ২২৭ মেট্রিক টন সার বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোডাউনের দায়িত্বে থাকা স্টোরকিপার মো. আকতারুল ইসলাম (৩৫)-কে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার রাত ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আকতারুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে।

দিনাজপুর কতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির খবর পেয়ে ইউএনও এবং কতোয়ালি থানার ওসি নেতৃত্বে পুলিশের একটি দল নশিপুরের বিএডিসি সরকারি সার গোডাউনে অভিযান চালায়। অভিযানকালে গোডাউনের স্টোরকিপার আকতারুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল ইসলাম গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোডাউন থেকে মোট ২২৭ মেট্রিক টন সার অবৈধভাবে বিক্রির কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্র আরও জানায়, অনুমোদন ছাড়া সার বিক্রির এ ঘটনার সঙ্গে বিএডিসির চুক্তিবদ্ধ দুই ডিলারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন—বীরগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে সোহাগ হোসেন (৩৮) এবং কাহারোল উপজেলার সামসুদ্দিনের ছেলে আনসারুল ইসলাম (৪২)।

বিএডিসি কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার নশিপুরে ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামে দুটি সরকারি সার গোডাউন রয়েছে। দুটি গোডাউনের মোট ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার মেট্রিক টন, যেখানে এমওপি, ডিএপি ও টিএসপি সার মজুত রাখা হয়।

এ বিষয়ে কতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বিএডিসি কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তে সরকারি সার অবৈধভাবে বিক্রির সঙ্গে আর কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সার বিক্রির পুরো বিষয়টি পুলিশ গভীরভাবে তদন্ত করে দেখছে বলে তিনি জানান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন