নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির জরিপ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: সিনেটের প্রায় সব আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: সিনেটের প্রায় সব আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছেন ডেমোক্র্যাটরা। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, মিশিগান, টেক্সাস, কানসাস, মেইন ও ওহাইও অঙ্গরাজ্যে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। আলাস্কাতেও সুবিধাজনক অবস্থানে রয়েছেন তারা। অন্যদিকে আইওয়ায় দুই দলের প্রার্থীর মধ্যে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

মধ্যবর্তী নির্বাচনের আগে নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির প্রকাশিত সর্বশেষ জরিপে এ চিত্র উঠে এসেছে। সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ সাতটি অঙ্গরাজ্যের মধ্যে ছয়টিতেই ডেমোক্র্যাটদের অবস্থান এগিয়ে অথবা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বিজ্ঞাপন

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে ডেমোক্র্যাটদের নিজেদের হাতে থাকা সব আসন ধরে রাখার পাশাপাশি বর্তমানে রিপাবলিকানদের দখলে থাকা অন্তত চারটি আসনে জয় পেতে হবে। তবে রিপাবলিকান-অধ্যুষিত কয়েকটি অঙ্গরাজ্যে আসন পুনরুদ্ধারের চ্যালেঞ্জ থাকায় শুরু থেকেই ডেমোক্র্যাটদের সামনে কঠিন সমীকরণ ছিল।

কিন্তু নতুন জরিপে দেখা গেছে, বর্তমানে রিপাবলিকান সিনেটর রয়েছেন এমন পাঁচটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে আছেন। ষষ্ঠ অঙ্গরাজ্য আইওয়ায় দুই দলের প্রার্থীদের মধ্যে ব্যবধান প্রায় নেই বললেই চলে।

টেক্সাস ও কানসাসে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, টেক্সাসে ১৯৮৮ সালের পর কোনো ডেমোক্র্যাট প্রার্থী সিনেট নির্বাচনে জয়ী হননি। অন্যদিকে কানসাসে সর্বশেষ ডেমোক্র্যাট প্রার্থী সিনেটে জয় পেয়েছিলেন ১৯৩২ সালে।

এদিকে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ সিনেট ব্যাটলগ্রাউন্ড মিশিগানেও দলটির প্রার্থী দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে মিশিগানে ডেমোক্র্যাট শিবিরের অভ্যন্তরীণ বিরোধের সূত্রপাতের আগেই জরিপটি পরিচালিত হয়েছিল। এছাড়া নর্থ ক্যারোলাইনাকে জরিপের আওতায় রাখা হয়নি। সেখানে দীর্ঘদিন ধরেই ডেমোক্র্যাট প্রার্থী এগিয়ে রয়েছেন এবং রিপাবলিকানরা নির্বাচনি প্রচারে ব্যয় কমিয়ে এনেছে।

জরিপের ফলাফলে আরও দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তোষ এবং অর্থনীতি পরিচালনা নিয়ে ভোটারদের হতাশা রিপাবলিকানদের অবস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে। জরিপে অন্তর্ভুক্ত সাতটি অঙ্গরাজ্যের সম্ভাব্য ভোটারদের মধ্যে মাত্র ৩৮ শতাংশ ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

দুই বছর আগে ট্রাম্প এসব অঙ্গরাজ্যের পাঁচটিতে দুই অঙ্কের ব্যবধানে জয় পেয়েছিলেন। সেই বিবেচনায় বর্তমান জরিপে তার প্রতি সমর্থনের হার উল্লেখযোগ্যভাবে কম বলে প্রতীয়মান হচ্ছে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন