যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে একটি গুরুত্বপূর্ণ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে, যা আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল।
লাস ভেগাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতার খুব কাছাকাছি রয়েছে এবং নতুন করে আলোচনা এই সপ্তাহের শেষেই শুরু হতে পারে। চলমান পরিস্থিতিকে তিনি ‘খুব ভালোভাবে এগোচ্ছে’ বলেও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, সংঘাত শিগ্গিরই শেষ হবে।
এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তারা ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে বলেও তিনি জানান। ধারণা করা হচ্ছে, এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ভূগর্ভে সংরক্ষিত ছিল।
তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন না-ও হতে পারে। বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর পাঁচ দিন বাকি রয়েছে।
সূত্র: বিবিসি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরান চুক্তি হলে পাকিস্তান সফরের ইঙ্গিত ট্রাম্পের