গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক

গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে জন্ম নিয়েছে নতুন চারটি শাবক। সাফারি পার্কের কোর সাফারি এলাকার বনের ভেতর তাদের দেখা মেলে।

বিজ্ঞাপন

শাবকগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে সাফারি পার্ক কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে তথ্যটি জানান।

বর্তমানে নতুন জন্ম নেওয়া শাবকগুলো দিনভর মায়ের ছায়ায় ঘুরে বেড়াচ্ছে বনজুড়ে। তবে মানুষের উপস্থিতি টের পেলেই শাবকগুলোকে নিয়ে দৌড়ে বনের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে মা নীলগাই।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, খুব সতর্ক অবস্থায় গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে তারা। সামান্য দূরে সতর্ক অবস্থায় শাবকদের দিকে তীক্ষ্ণ নজর রেখে মা নীলগাই পাহারা দিচ্ছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, মাস দেড়েক আগে গাজীপুর সাফারি পার্কের হরিণ সাফারিতে নীলগাইয়ের সাথে নতুন চারটি শাবককে বিচরণরত অবস্থায় দেখতে পান তারা। এরপর থেকেই তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। সর্বক্ষণ একজনকে তাদের দেখভালের জন্য হরিণ সাফারিতে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে শাবকগুলোর বয়স দেড় মাসের মতো হবে। তবে শাবকগুলো মাদী না পুরুষ, তা এখনো শনাক্ত করা যায়নি। নিরাপত্তার স্বার্থে কাছাকাছি গিয়ে তা নির্ধারণের চেষ্টাও করেনি কর্তৃপক্ষ।

তিনি আরো জানান, বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তীতে পার্কে বেশ কয়েকটি শাবকের জন্ম হয়। সবশেষ পার্কে ১১টি নীলগাই ছিল, যার মধ্যে দুটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কে ৯টি নীলগাই রয়েছে। নতুন ৪টি শাবক যোগ হওয়ায় বর্তমানে পার্কে মোট নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন