দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইসরাইলের প্রতি দ্বিদলীয় সমর্থন গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই অবস্থানে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ঘটনায় ডেমোক্র্যাটদের মধ্যে অসন্তোষ বাড়ার পর এবার রিপাবলিকান শিবিরের একাংশও ইসরাইলের প্রতি মার্কিন নীতির পরিবর্তন দাবি করছে। দুই দলেরই একাংশ এখন ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা কমানো বা বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার দাবি আরো জোরালো হয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির বিষয়টি রিপাবলিকানদের একাংশের সমালোচনার কেন্দ্রে এসেছে।
গত বুধবার এক বিবৃতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, নির্বাচনে বিপর্যয়ের পর রিপাবলিকানদের আবারো জয়ী হতে হলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইল যে যুদ্ধ শুরু করেছেন, তা থেকে বেরিয়ে এসে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও পরিবর্তন করতে হবে।
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনায় রাখা ভ্যান্সের এমন বক্তব্যকে ইসরাইল বিষয়ে প্রচলিত মার্কিন নীতির বিরুদ্ধে রিপাবলিকান শিবিরের গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে দেখা হচ্ছে।
ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কয়েক দশক ধরে দেশটির পররাষ্ট্রনীতির অন্যতম দ্বিদলীয় ভিত্তি ছিল। তবে গাজায় যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলি আচরণের কারণে প্রথমে ডেমোক্র্যাটদের মধ্যে এই সমর্থন দুর্বল হতে শুরু করে। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পকে উৎসাহিত করার জন্য ইসরালি সরকারকে দায়ী করে রিপাবলিকানদের একাংশও সমালোচনায় সরব হয়েছে।
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বেড়েছে। পাশাপাশি ট্রাম্পের অনেক সমর্থক মনে করছেন, এই যুদ্ধের মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী বিদেশি যুদ্ধে জড়িয়ে না পড়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন প্রেসিডেন্ট।
তবে ওয়াশিংটনে ইসরাইলের প্রতি সমর্থন এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা নিউইয়র্কের সিনেটর চাক শুমারসহ অনেক রাজনীতিক এখনো ইসরাইলের পাশে থাকার পক্ষে। তাদের যুক্তি, কয়েক দশক ধরে সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার একটি গণতান্ত্রিক ও ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের দায়িত্ব। দেশটির শক্তিশালী সামরিক বাহিনীও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ও রোববার পৃথক বক্তব্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নেন। রোববার প্যারিসের উদ্দেশে যাত্রার আগে তিনি বলেন, প্রেসিডেন্টরা কঠিন এবং কখনো কখনো অজনপ্রিয় হলেও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্যই নির্বাচিত হন।
ইসরাইলবিরোধী সমালোচনার সঙ্গে ইহুদিবিদ্বেষের অভিযোগ জড়িয়ে পড়ায় বিষয়টি আরো জটিল হয়েছে। তবে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে অনেক মার্কিন রাজনীতিক ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার পক্ষে ভোটারদের বার্তা হিসেবে দেখছেন।
মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন এক সাক্ষাৎকারে বলেছেন, নতুন কংগ্রেসে তার প্রধান অগ্রাধিকার হবে ইসরাইল সরকারকে মার্কিন করদাতাদের অর্থ থেকে দেওয়া ‘ব্ল্যাঙ্ক চেক’ বা শর্তহীন সহায়তা বন্ধ করা।
গত সেপ্টেম্বরে পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতা, বিশেষ করে ফিলিস্তিনি-আমেরিকানদের মৃত্যুর ঘটনা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন তৈরির বাধ্যবাধকতা আরোপের একটি বিল উত্থাপন করেছিলেন তিনি। বিলটির পক্ষে একজন ছাড়া সব ডেমোক্র্যাট সিনেটর ভোট দিলেও শেষ পর্যন্ত তা পাস হয়নি। তবে এই ঘটনা ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ডেমোক্র্যাটদের আগ্রহের ইঙ্গিত দেয়।
ফিলিস্তিনবিষয়ক সাবেক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এবং ব্রুকিংস ইনস্টিটিউট ও চ্যাথাম হাউসের ফেলো হাদি আমর এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র-ইসরাইল-ফিলিস্তিন সম্পর্কের রূপান্তরমূলক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ভবিষ্যতে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো স্বাভাবিক ও শর্তনির্ভর হয়ে উঠবে। অন্য দেশগুলোর আচরণ যেভাবে মূল্যায়ন করা হয়, সাধারণ মার্কিন নাগরিকরাও সেভাবে ইসরাইলের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন।
ট্রাম্পও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বুঝতে পারছেন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। নির্বাচনের দিন এক বিস্ময়কর ঘোষণায় তিনি ফক্স নিউজকে বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে দেওয়া অধিকাংশ সামরিক সহায়তা বন্ধ করার পরিকল্পনা রয়েছে তার। ইসরাইলকে সহায়তা দেওয়ার বিষয়টি সমালোচকদের হাতে একটি ‘খারাপ যুক্তি’ তুলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলসে আইগনারতবে ট্রাম্প সত্যিই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, নাকি ইসরাইলবিরোধী ভোটারদের উদ্দেশে নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। কারণ, ইসরাইলের জন্য অন্যান্য সামরিক সহায়তা নিশ্চিত করতে আনা একটি প্রস্তাবিত আইনকে তিনি এখনো সমর্থন করছেন। কংগ্রেসে ইসরাইলকে সহায়তা সীমিত করার কোনো উদ্যোগ এলে তাতে ভেটো দেওয়ার ক্ষমতাও তার রয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া একটি চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর ইসরাইলকে ৩৩০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এই অর্থ দিয়ে ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য আরো ৫০ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে।
ওয়াশিংটনে সম্প্রতি ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের আলোচনা জোরালো হলেও বিষয়টি একসময় প্রায় অকল্পনীয় ছিল। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, তার দেশকে ধীরে ধীরে অস্ত্র উৎপাদনে স্বনির্ভর হতে হবে। এ জন্য এক দশকব্যাপী পরিকল্পনার কথা বলেছেন তিনি। কিন্তু ট্রাম্পের কয়েক মাসের মধ্যে সহায়তা বন্ধের পরিকল্পনা ইসরাইলি কর্মকর্তাদের বিস্মিত করেছে।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ইসরাইলের প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর দেশটিকে অতিরিক্ত সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণা অনুযায়ী, নিয়মিত বার্ষিক সহায়তাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার পরিমাণ প্রায় ২ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছায়।
হামাসের ওই হামলার জবাবে ইসরাইল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়। যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এসব হামলায় কয়েক হাজার নয়, কয়েক দশ হাজার ফিলিস্তিনি নিহত হন। গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
এই সময়ে ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধ বা সীমিত করার জন্য ডেমোক্র্যাটদের পাশাপাশি কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও বাইডেন ও ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু দুই প্রশাসনই কংগ্রেসের অনুমোদনের প্রক্রিয়া পাশ কাটিয়ে দ্রুত অস্ত্র সরবরাহের উদ্যোগ অব্যাহত রাখে।
এবার কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুতি নেওয়া ডেমোক্র্যাটরা ইসরাইলকে দেওয়া সহায়তা বন্ধ বা সীমিত করার নতুন উদ্যোগ নিতে যাচ্ছেন। পুনর্নির্বাচিত ইহুদি ডেমোক্র্যাট সিনেটর জন অসফসহ কয়েকজন আইনপ্রণেতা ইতিমধ্যে ইসরাইলের কাছে নির্দিষ্ট ধরনের অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে ভোট দিয়েছেন।
নতুন করে নির্বাচিত ডেমোক্র্যাটদের কেউ কেউ আরো কঠোর অবস্থানের পক্ষে। মিশিগান থেকে সিনেটর নির্বাচিত প্রথম মুসলিম আবদুল এল-সাইয়েদ বুধবার ন্যাশনাল পাবলিক রেডিওকে বলেন, ইসরাইলকে সহায়তা বন্ধের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে তিনি একমত।
তিনি বলেন, গণহত্যা ও বর্ণবৈষম্যের মতো গুরুতর অপরাধে ব্যবহৃত হতে পারে—এমন অস্ত্রও ইসরাইলের কাছে বিক্রি বন্ধ করা উচিত। উল্লেখ্য, মিশিগানে ডেমোক্র্যাটদের সিনেট প্রাথমিক নির্বাচনে এল-সাইয়েদকে হারাতে ইসরাইলপন্থী লবিং সংগঠন আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সুপার প্যাক প্রায় ৩ কোটি ২০ লাখ ডলার ব্যয় করেছিল। তবে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি।
বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাবেক প্রধান সহকারী জন ফাইনারও ইসরাইল বিষয়ে মার্কিন নীতির পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, ইসরাইলের আচরণ পরিবর্তনে মার্কিন সামরিক সহায়তাকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত।
গত মাসে নিউইয়র্ক টাইমসের এক মতামত নিবন্ধে তিনি অস্ত্র বিক্রিতে শর্ত আরোপ, ইসরাইলবিরোধী জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার প্রচলিত নীতি বন্ধ এবং পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনে সহায়তাকারী ব্যক্তি ও গোষ্ঠীর ওপর আর্থিক নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেন।
তবে বাইডেনের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক ভিন্নমত পোষণ করেছেন। তার নতুন বইয়ে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে প্রকাশ্য বিরোধ দুই দেশের অভিন্ন স্বার্থকে ঝুঁকির মুখে ফেলতে পারে। গাজা যুদ্ধ পরিচালনা নিয়ে বাইডেন ও নেতানিয়াহুর প্রকাশ্য মতবিরোধের কারণে হামাস জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় আরো কঠোর অবস্থান নিয়েছিল বলেও দাবি করেন তিনি।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রে ইসরাইলের জন্য রাজনৈতিক পরিবেশ আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে। বুধবার ইসরাইলি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু ডেমোক্র্যাটদের মধ্যেই নয়, রিপাবলিকান পার্টিতেও ইসরাইলের সমালোচক রয়েছেন। তাদের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। তবে দুই দলেই ইসরাইলের বন্ধুরা রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, রিপাবলিকানদের মধ্যে ইসরাইলবিষয়ক বিতর্কের প্রধান কেন্দ্রবিন্দু ফিলিস্তিনিদের অধিকার নয়; বরং ইসরাইলের কারণে যুক্তরাষ্ট্র আবারো ব্যয়বহুল মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ছে কি না, সেটি। স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ গবেষক এমা অ্যাশফোর্ডের মতে, ইরান যুদ্ধের ভবিষ্যৎই এ বিতর্কের মূল বিষয় হয়ে উঠতে পারে।
তার মতে, ট্রাম্প ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধ করলেও প্রস্তাবিত আইনগুলোর কারণে তার প্রভাব সীমিত হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটসংক্রান্ত একটি বার্ষিক বিলের প্রতিনিধি পরিষদ সংস্করণে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর বিধান রয়েছে। তবে সিনেটর ক্রিস ভ্যান হোলেন চূড়ান্ত বিল থেকে এসব বিধান বাদ দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
এদিকে, রক্ষণশীলদের মধ্যে যুক্তরাষ্ট্রের বিদেশি যুদ্ধে জড়িয়ে পড়ার বিরোধী গোষ্ঠীও ট্রাম্প ও রিপাবলিকান নেতাদের ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এই অবস্থানের পক্ষে জনপ্রিয় টিভি উপস্থাপক টাকার কার্লসনের মতো ব্যক্তিরা রয়েছেন। ইসরাইলের সমালোচনার কারণে তার বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।
২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘কিংমেকার’ হতে মামদানির নানা কৌশলরক্ষণশীল সাময়িকী দ্য আমেরিকান কনজারভেটিভ-এর নির্বাহী পরিচালক কার্ট মিলস বলেন, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ এমন হওয়া উচিত, যেখানে ইসরাইলের সঙ্গে সম্পর্কের ব্যাপক সংস্কার হবে। তার মতে, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি ও গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করা উচিত।
মিলসের অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ট্রাম্প তার ভোটারদের সঙ্গে করা প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তার মতে, ইসরাইলি নেতাদের দীর্ঘদিনের অন্যতম প্রধান পররাষ্ট্রনীতির লক্ষ্য পূরণ করতে গিয়ে ট্রাম্প নিজের সমর্থকদের প্রত্যাশা থেকে সরে এসেছেন।
সব মিলিয়ে, ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের দ্বিদলীয় সমর্থনে যে ফাটল তৈরি হয়েছে, তা এখন আরো স্পষ্ট হচ্ছে। তবে সামরিক সহায়তা বন্ধ, অস্ত্র বিক্রিতে শর্ত আরোপ কিংবা দুই দেশের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা সীমিত করার মতো প্রস্তাবগুলো শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয়, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন










