আইনের ফাঁক গলে যুদ্ধ দীর্ঘায়িত করতে পারেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

আইনের ফাঁক গলে যুদ্ধ দীর্ঘায়িত করতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন সংবিধান ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং সাবেক অ্যাসোসিয়েট ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্রুস ফেইন বলেছেন, ‘ওয়ার পাওয়ার রেজোলিউশন’-এর আইনি জটিলতাকে কাজে লাগিয়ে একজন মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ চালিয়ে যেতে পারেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ১৯৭৩ সালের এই আইনের বিভিন্ন সাংবিধানিক অসংগতি ও ফাঁকফোকর তুলে ধরেন।

বিজ্ঞাপন

ব্রুস ফেইন বলেন, ‘আমি ১৯৭৩ সালে ওয়ার পাওয়ার রেজোলিউশন পাসের সময় উপস্থিত ছিলাম। এটি অনেক ক্ষেত্রেই অসামঞ্জস্যপূর্ণ। কোনো সংবিধিবদ্ধ আইন মার্কিন সংবিধানকে ডিঙিয়ে যেতে পারে না। সংবিধান অনুযায়ী, দেশ আক্রান্ত না হওয়া পর্যন্ত শান্তি থেকে যুদ্ধে রূপান্তরের অনুমোদন দেওয়ার একক ক্ষমতা কেবল কংগ্রেসের।’

ইরানের ক্ষেত্রে ফেইন বলেন, তেহরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেনি, তাই এই যুদ্ধটি ইরানের বিরুদ্ধে একটি ‘অপরাধমূলক আগ্রাসন’।

এই আইনের দুর্বলতা সম্পর্কে সতর্ক করে ফেইন বলেন, প্রেসিডেন্ট যেকোনো সময় যুদ্ধের সময়সীমা বা ‘ক্লক’ নতুন করে শুরু (রিসেট) করতে পারেন।

তিনি ব্যাখ্যা করেন, ‘প্রেসিডেন্ট যেকোনো সময় বলতে পারেন, ‘গত ৩৭ মিনিট ধরে আমরা কোনো বোমা ফেলিনি, তাই যুদ্ধ শেষ হয়েছে।’ এর মাধ্যমে তিনি নতুন করে আবার ৬০ দিনের সময়সীমা শুরু করতে পারেন।’

তিনি আরো উল্লেখ করেন, এই রেজোলিউশনের কোথাও স্পষ্ট করে বলা নেই ঠিক কখন যুদ্ধের সময়সীমা শুরু হবে এবং কখন তা থামবে। আইনের এই অস্পষ্টতার সুযোগ নিয়ে কংগ্রেসের তোয়াক্কা না করেই প্রেসিডেন্ট যুদ্ধ দীর্ঘায়িত করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন এই আইন বিশেষজ্ঞ।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন