সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দফায় দফায় গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

রাঙামাটি প্রতিনিধি

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দফায় দফায় গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুর পৌনে ১টা থেকে এ গোলাগুলি শুরু হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলাবুনিয়া এলাকায় অস্ত্রধারী ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাজেকের চাইলাতলী এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা নামের এক শিশু গুলিবিদ্ধ হয়। এরপর থেকে দুপক্ষই সাজেকে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে ওঠে।

এদিকে সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ১১ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। সশস্ত্র সংঘাত, অন্যদিকে দীর্ঘস্থায়ী অবরোধ—সব মিলিয়ে সাজেক ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন