দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৬৩৩ জন। আর এক মাসে অর্থাৎ অক্টোবরের ৩১ দিনে মোট মৃত্যু হয়েছে ১৭৪ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ৩৮০ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গুর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৬০৪ জন, বরিশাল বিভাগে ২৩৪, চট্টগ্রামে ২৮১, খুলনায় ২২৮, ময়মনসিংহে ৭০, রাজশাহীতে ১৪৯ এবং রংপুরে ৬৭ ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪১৯ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার । আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৬,২৩৬ জন।
অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এর পরেই খুলনা বিভাগে ৭৯, চট্টগ্রামে ৪২, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৮, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


