নীলফামারীর কিশোরগঞ্জে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার স্বাক্ষরিত ফলাফল সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।
এতে দেখা যায়, ওই দুটি কলেজ থেকে ৫৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের সবাই অকৃতকার্য হয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৯৩৫ জন এবং ফেল করেছেন ১ হাজার ৩৩৯ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই ফেল করেছেন।
প্রতিষ্ঠান দুটি হলো—ভেড়ভেড়ী মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ (যেখানে ৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন) এবং নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ (যেখান থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন)। অর্থাৎ, এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার জানান, প্রতিষ্ঠান দুটি নন-এমপিওভুক্ত হওয়ায় শিক্ষকরা ঠিকমতো ক্লাসে আসেন না। এছাড়া শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়া এবং গ্রামীণ এলাকাভিত্তিক প্রতিষ্ঠান হওয়াই এমন ফলাফল বিপর্যয়ের প্রধান কারণ হতে পারে।
—এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

