সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি
‘ঔষধ শিল্পের অগ্রগতি : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

জীবন রক্ষাকারী ওষুধ সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বাপি)। একই সঙ্গে দেশের অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের দায়িত্ব সরকারি মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে (ইডিসিএল) দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে মালিক সমিতি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ‘ঔষধ শিল্পের অগ্রগতি : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বাপির নেতারা সতর্ক করে বলেন, দাম বেঁধে দিলে অনেক কোম্পানিই উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে, এতে অনেক প্রয়োজনীয় ওষুধ বাজার থেকে হারিয়ে চিকিৎসায় সংকট তৈরি হবে।

চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশীয় কোম্পানিগুলো সরবরাহ করলেও গ্যাসের সংকট, কাঁচামাল ও প্যাকেজিং ম্যাটারিয়ালের দাম বৃদ্ধির কারণে প্রতিনিয়ত এ খাত চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ অবস্থায় দাম নির্ধারণের আগে এ খাত সংশ্লিষ্টদের মতামত নেওয়ার দাবি জানান তারা।

সংগঠনটির নেতারা বলেন, বেসরকারি কোম্পানিগুলোর পক্ষে অনেক অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদন করে বাজারে টিকে থাকা কঠিন। তাই এসব ওষুধ উৎপাদন ও সরবরাহে ইডিসিএলকে আরো বড় ভূমিকা দেওয়া উচিত।

সভায় বাপির সাবেক সাধারণ সম্পাদক ও ডেল্টা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসাইন বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের সব সময় বাজারে ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে মজুত ও সহজলভ্য থাকা প্রয়োজন। জনগণের চাহিদা অনুযায়ী দ্রুত সরবরাহ নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

বাপির সাধারণ সম্পাদক ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হালিমুজ্জামান বলেন, সময়ের চাহিদা অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা প্রয়োজন। একই সঙ্গে এসব ওষুধের মান নিশ্চিত করে জনগণের নাগালের মধ্যে রাখতে হবে।

সভায় বাপির সিনিয়র সহসভাপতি ও ইউনিমেড ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. মোসাদ্দেক হোসেন ও বিএইচআরএফের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন