শহীদ জিয়া ও খালেদা জিয়ার নেতৃত্বের প্রতিচ্ছবি তারেক রহমান: ভূমিমন্ত্রী

শহীদ জিয়া ও খালেদা জিয়ার নেতৃত্বের প্রতিচ্ছবি তারেক রহমান: ভূমিমন্ত্রী
ছবি: আমার দেশ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের কাছে মায়ের প্রতীক। গণতান্ত্রিক আন্দোলনে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।

শনিবার দুপুরে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সম্মেলন কক্ষে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

ভূমিমন্ত্রী বলেন, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্বের প্রতিচ্ছবি। নানা প্রতিকূলতা, ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, জীবনে সফল হতে হলে প্রথমেই লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সে লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না।

আইএইচটির শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ কারিগর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তোমরাই আগামী দিনের স্বাস্থ্য বিশেষজ্ঞ। জনগণ একটি সুন্দর ও কার্যকর চিকিৎসাব্যবস্থা প্রত্যাশা করে। সে ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

দেশের বর্তমান জ্বালানি সংকট প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট সাময়িক। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন। আমরা সবাই মিলে সুন্দর সোনার বাংলা গড়ে তুলব। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় দুর্নীতির অভিযোগ তুলে মিনু বলেন, ওই সময়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন