যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ কানাডার পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিলের পক্ষে ভোট দিয়েছে। ২১৯–২১১ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
ডেমোক্র্যাটদের উত্থাপিত এ প্রস্তাবে ছয়জন রিপাবলিকান আইনপ্রণেতাও সমর্থন দেন। প্রস্তাবটির উদ্দেশ্য হলো গত বছর ট্রাম্প প্রশাসন কানাডার ওপর যে শুল্ক আরোপ করেছিল, তা প্রত্যাহার করা।
তবে আপাতত এ অনুমোদন প্রতীকী হিসেবেই থাকছে। কারণ, প্রস্তাবটি আইনে পরিণত হতে হলে সিনেটেও পাস হতে হবে এবং পরে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন হবে। বিশ্লেষকদের মতে, এ প্রস্তাবে ট্রাম্পের স্বাক্ষর করার সম্ভাবনা খুবই কম।
দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প কানাডার ওপর ধারাবাহিকভাবে শুল্ক আরোপ করে আসছেন। সম্প্রতি তিনি কানাডার সম্ভাব্য চীনের সঙ্গে বাণিজ্যচুক্তির প্রতিক্রিয়ায় ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকিও দেন।
প্রতিনিধি পরিষদে ভোট চলাকালে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “প্রতিনিধি পরিষদ বা সিনেটে কোনো রিপাবলিকান যদি শুল্কের বিরুদ্ধে ভোট দেন, তাহলে নির্বাচনের সময় তাকে এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে।” তিনি আরও দাবি করেন, “শুল্ক আমাদের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করেছে, এবং কোনো রিপাবলিকানেরই এ সুবিধা নষ্ট করা উচিত নয়।”
কংগ্রেসে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন প্রস্তাবটি নিয়ে আলোচনা ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি।
বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে দলের ছয় সদস্য ডেমোক্র্যাটদের প্রস্তাবে সমর্থন দেওয়ায় এটি সহজেই পাস হয়ে যায়।
ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি বলেন, ট্রাম্প মিত্রদেশগুলোর বিরুদ্ধে “শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন”, যার ফলে বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

