যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তির অধীনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেছে কি না তা যাচাই করার পর ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। খবর আলজাজিরার।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউস এজেন্সি-এর উদ্ধৃতি অনুযায়ী, গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে যুদ্ধবিরতি কার্যকর করা, অবরোধ প্রত্যাহার এবং ইরানের সম্পদ মুক্তিসহ চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। এরপরই চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা এগোবে।
তিনি জানান, আগামী শুক্রবার নির্ধারিত আনুষ্ঠানিক অনুষ্ঠানের দিন দুই দেশের প্রতিনিধিদল বৈঠকে বসবে এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো ও প্রক্রিয়া নির্ধারণ করবে।
গারিবাবাদি আরও বলেন, সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) খসড়ায় ইরানের সব গুরুত্বপূর্ণ অবস্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবারের আনুষ্ঠানিক অনুষ্ঠান শেষে ওই নথির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করা হবে।
তিনি বলেন, “এই সমঝোতা স্মারক শত্রুর ওপর আস্থা রাখার অর্থ নয়।” একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কি না, তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।”
তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, তেহরান আপাতত চুক্তিকে একটি প্রাথমিক সমঝোতা হিসেবে দেখছে এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপ পর্যবেক্ষণের ভিত্তিতেই পরবর্তী আলোচনার অগ্রগতি নির্ধারিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


