আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তীব্র ঠান্ডা, সতর্কতায় প্রায় ৮ কোটি মানুষ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তীব্র ঠান্ডা, সতর্কতায় প্রায় ৮ কোটি মানুষ
ছবি: আনাদোলু এজেন্সি।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তীব্র আর্কটিক ঠান্ডার প্রভাবে প্রায় ৮ কোটি মানুষ সতর্ক অবস্থায় রয়েছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলতি সপ্তাহ অঞ্চলজুড়ে এই তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

এবিসি নিউজের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব ও মিড-অ্যাটলান্টিক অঞ্চলের বেশিরভাগ এলাকায় চরম ঠান্ডা সতর্কতা জারি করা হয়েছে। তীব্র ঠান্ডা বাতাস ও প্রবল ঝড়ো হাওয়ার কারণে অনুভূত তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে গেছে।

বিজ্ঞাপন

শনিবার ভোরে গ্রেট লেকস অঞ্চল থেকে ক্যারোলাইনা পর্যন্ত বিপজ্জনক মাত্রায় অনুভূত ঠান্ডা নেমে আসে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তজুড়ে আরও শীতল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এদিকে নিউ ইংল্যান্ডের উপকূলীয় এলাকায় তুষারপাত ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে একটি ইনভার্টেড ট্রাফের কারণে কিছু এলাকায় অত্যন্ত ঘন তুষারপাত হয়েছে, যেখানে ঘণ্টায় সর্বোচ্চ ২.৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা এক অঙ্কে নেমে এসেছে এবং প্রবল বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা শূন্যের নিচে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটি, বোস্টন ও বাফেলোর মতো বড় শহরগুলোতে অনুভূত তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের ঠান্ডায় খোলা ত্বকে মাত্র ৩০ মিনিটের মধ্যেই ফ্রস্টবাইট হতে পারে।

এছাড়া আপস্টেট নিউ ইয়র্ক ও উত্তর নিউ ইংল্যান্ড অঞ্চলে অনুভূত তাপমাত্রা মাইনাস ২০ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে পারে। বাতাসের তীব্রতা কমে আসবে এবং আগামী সপ্তাহে পূর্বাঞ্চলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন